
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর তিন বছর মেয়াদি স্নাতক (পাস) ডিগ্রি প্রোগ্রামের ১৯টি বিষয়ের সিলেবাস আধুনিকায়নের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) অনুসরণ করে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) পদ্ধতিতে কারিকুলাম ফ্রেমওয়ার্ক উন্নয়নের কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার (৩১ অক্টোবর) সকালে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। দ্বিতীয় ধাপের কার্যক্রম আগামী সপ্তাহে শুরু হবে।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘শিক্ষার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যাপক সংস্কার কর্মসূচী হাতে নিয়েছে। প্রায় ৪০ লাখ শিক্ষার্থী এবং প্রতিবছর পাঁচ থেকে ছয় লাখ গ্র্যাজুয়েটের গুণগত মান নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের পেশাগত দক্ষতার ঘাটতি দূর করতে আধুনিক সিলেবাস, মডেল প্রশ্নপত্র ও সময়োপযোগী কারিকুলাম প্রণয়ন জরুরি। নানা পারিপার্শ্বিক চাপ থাকলেও বৈষম্যহীন ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় অঙ্গীকারবদ্ধ। এ উদ্যোগ সফল হলে তরুণ প্রজন্ম প্রয়োজনীয় দক্ষতা নিয়ে কর্মবাজারে প্রবেশ করতে পারবে।’
তিনি আরও বলেন, দেশের অনানুষ্ঠানিক কর্মসংস্থান খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। তবে তাদের মধ্যে পেশাগত দক্ষতার ঘাটতি রয়েছে। শিক্ষার মান নিশ্চিত করতে সব অংশীজনকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘কারিকুলাম প্রণয়ন, যাচাই ও বাস্তবায়নের প্রতিটি ধাপই চ্যালেঞ্জিং। এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে প্রচলিত ব্যবস্থার অচলায়তন ভেঙে কারিকুলামে সময়োপযোগী বিষয় ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ যুক্ত করতে হবে।’
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামসুল আলম, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলামসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিনরা বক্তব্য দেন। এ ছাড়া ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ও গবেষকেরা সিলেবাস উন্নয়ন কার্যক্রমে অংশ নেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








