
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি সবসময় রাষ্ট্রীয় ও জনগণের স্বার্থকে আগে দেখেছে। একইসাথে তিনি আরো বলেন, ‘জামায়াতে ইসলামীর রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি শুধু দেশবিরোধী নয়, এটা মানবতাবিরোধী এবং জনগণের স্বার্থের পরিপন্থী।’
তিনি বলেন, ‘প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আমাদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এই টাকায় লাখ লাখ পরিবারের ভরণপোষণ চলে। জামায়াত সেই চালিকাশক্তি বন্ধের হুমকি দিয়ে মানুষকে ক্ষুধার্ত রাখার এবং দেশের উন্নয়ন স্তব্ধ করার চক্রান্ত করছেন।’
‘এই দল কখনোই জাতীয় বা জনগণের স্বার্থে রাজনীতি করেনি, শুধু দলীয় স্বার্থ দেখেছে’ মন্তব্য করে রিজভী বলেন, ‘কিন্তু বিএনপি সবসময় রাষ্ট্রীয় ও জনগণের স্বার্থকে আগে দেখেছে।’
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে প্রতিযোগিতা অনুষ্ঠানে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি। এ কর্মসূচির আয়োজন করে কমল কুড়ি ও জিয়া স্মৃতি পাঠাগার।
রিজভী বলেন, ‘দেশে কী ঘটেছে? একজন ব্যক্তি গ্রেফতার হয়েছেন। বিমানবন্দরে যদি কোনো অপ্রীতিকর ঘটনা থাকে, তবে তার সমালোচনা করতে পারেন, নিয়মানুযায়ী বিরোধীয় দলের মতো প্রেস কনফারেন্স বা প্রতিবাদ করতে পারেন। যেকোনো অন্যায়, অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করা যায়। কিন্তু আপনি কর্তব্যরত কাউকে মারতে যাবেন, হুঙ্কার দেবেন এবং আইন নিজের হাতে তুলে নেবেন—তা হয় না।’
‘সেই ব্যক্তিটি আমাদের দলের হলেও কখনো শৃঙ্খলা মানেননি। তিনি বিগত ১৫-২০ বছর ধরে টেলিভিশনে আমাদের দলের প্রধানের বিরুদ্ধে আজেবাজে কথা বলেছেন, কিন্তু দল কখনো তার বিরুদ্ধে টু-শব্দটি করেনি। অথচ বিমানবন্দরে বিমানের একজন দায়িত্বপ্রাপ্ত সামরিক কর্মকর্তার সাথে যে ঘটনাটি ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক।’
জামায়াতের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জামায়াতের নেতৃবৃন্দকে বলে রাখি, এখন থেকেই তাকে দল থেকে বহিষ্কারের স্টেটমেন্ট রেডি রাখুন। কারণ তিনি এমন পরিস্থিতি তৈরি করবেন, তখন নিজেদের উদ্যোগেই তাকে বহিষ্কার করতে হবে।’
ছাত্রদলের প্রতি পরামর্শ দিয়ে রিজভী বলেন, ‘২৪-এ তারুণ্যের উত্তাল তরঙ্গের মাধমে দানবকে সরিয়ে দিয়েছে তরুণরা। তারুণ্যের সাথে মিশে তাদেরকে বুঝাতে হবে ছাত্রদল কী, এর উদ্দেশ্য কী।’
শুধু মিছিল আর স্লোগান নয়, এখন ছাত্ররাজনীতিতে সমাজ ও বিশ্ব পরিস্থিতি নিয়ে ভাবতে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








