কানাগাওয়ার উপকূল
কানাগাওয়ার উপকূলে উত্তাল ঢেউ আছড়ে পড়ছে সংগৃহীত ছবি

টাইফুন দুজুয়ানের কারণে ১৬ লাখের বেশি মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জাপান।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইবারাকি, চিবা, টোকিও, কানাগাওয়া ও শিজুওকার ১৬ লাখ ৭৪ হাজার ৮৪ জন মানুষকে সরে যাওয়ার আদেশ দেয়া হয়েছে।

তবে এই নির্দেশ বাধ্যতামূলক নয়।

টোকিওর কাছাকাছি এগিয়ে আসা এই দুজুয়ান টাইফুনের কারণে দেশটিতে এবার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পূর্বাভাসের কারণে জাপান থেকে ছেড়ে যাবে এমন শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে।

এরই মধ্যে প্রায় ৩০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেন চলাচলও স্থগিত করেছে জাপান। জাপান এয়ারলাইন্স ১৩৫টি এবং অল নিপ্পন এয়ারওয়েজ ১৪০টি ফ্লাইট বাতিল করেছে।

এছাড়া কানাগাওয়া এলাকায় ভূমিধসে একটি বাড়ি ধসে পড়ে যাওয়ার পর একজন নারী মাটিচাপা পড়েছেন বলে আশঙ্কা করছেন দেশটির দমকলকর্মীরা।

দুজুয়ান নামের এই ঝড়ে একটানা বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার থেকে ১৯৪ কিলোমিটার পর্যন্ত এবং ঝোড়ো হাওয়া বইছে।

দেশটির তোকাই অঞ্চলে এই ঝড়ের কারণে ৩৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রশান্ত মহাসাগরে বয়ে যাওয়া ঝড়গুলোর মধ্যে এই দুজুয়ান সাম্প্রতিক ঝড়।

এ বছরের ‘সুপার এল নিনোর’ কারণে সমুদ্রের পানি গরম হয়ে এই ঝড়গুলো তৈরিতে সাহায্য করেছে এবং দুজুয়ান ঝড়কে আরো বেশি শক্তিশালী করে তুলেছে।

সূত্র : বিবিসি