
কলম্বিয়ার মধ্যাঞ্চলীয় শহর ভিয়াভিসেনসিওতে সোমবার (২৩ নভেম্বর) গাড়িবোমা বিস্ফোরণে মেটা প্রদেশের গভর্নরের কার্যালয়সহ আশপাশের বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়েছে। দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘মেটা প্রদেশের গভর্নরের কার্যালয়ে এইমাত্র বোমা হামলা চালানো হয়েছে।’
এএফপির সাংবাদিকদের বর্ণনা অনুযায়ী, বিস্ফোরণস্থলের আশপাশে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষ, ইট-পাথর ও ধ্বংসস্তূপ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। বিস্ফোরণে সেখানে বড় একটি গর্তেরও সৃষ্টি হয়। এ সময় আতঙ্কিত বাসিন্দারা রাস্তায় বিভিন্ন স্থানে আশ্রয় নেন।
প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা এক্সে দেয়া আরেক পোস্টে জানান, বিস্ফোরণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি। তিনি এ হামলার জন্য মাদক পাচারকারীদের দায়ী করেন।
তিনি লেখেন, ‘মাদক-সন্ত্রাসীরা মরিয়া হয়ে উঠেছে, কারণ আমরা তাদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নিচ্ছি। আমাদের ভয় দেখিয়ে পিছু হটতে বাধ্য করাই তাদের উদ্দেশ্য, যাতে তারা আবারো লোকদেখানো শান্তি আলোচনার সুযোগ নিতে পারে।’
ডানপন্থী এই প্রেসিডেন্ট দেশটির মাদক ব্যবসার বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছেন। অন্যদিকে, বামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ফার্কের বিদ্রোহীরা গত দুই বছরে গাড়িবোমা হামলা, অপহরণ ও ড্রোন হামলা বাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা অতীতের শান্তি আলোচনার সমালোচক। তার বক্তব্য, শান্তিচুক্তি মেনে চলতে ব্যর্থ ফার্কের যেসব বিচ্ছিন্ন গোষ্ঠী এখনো সক্রিয় রয়েছে, তাদের পরিণতি ভোগ করতে হবে।
বিশ্বে সবচেয়ে বেশি কোকেন উৎপাদনকারী দেশ কলম্বিয়া।
এদিকে, দেশটিতে গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অপরাধপ্রবণ সহিংসতা চলার প্রেক্ষাপটে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা বোগোতায় সফর করেন। গেরিলা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মাদক পাচার বন্ধে সহযোগিতা বাড়ানোর বিষয়ে তিনি আলোচনা করেছেন বলে জানিয়েছেন একটি সামরিক সূত্র।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









