
সাইবার নিরাপত্তা আইনের বিভিন্ন ধারায় থাকা আপত্তি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান। তিনি বলেন, আইনের বিভিন্ন ধারা নিয়ে অংশীজনদের আরো সুপারিশ থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে লিখিতভাবে তা জমা দিতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশী কূটনীতিক ও বিভিন্ন অংশীজনের সাথে পরামর্শ সভা শেষে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেছেন, সাইবার নিরাপত্তা আইন সংশোধনের বিষয়ে বিভিন্ন অংশীজনের পাশাপাশি বিদেশী কূটনীতিকদেরও মতামত নেয়া হয়েছে।
মো: আসাদুজ্জামান বলেন, আইনটি প্রণয়নের আগে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনা করা হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা ও বাকস্বাধীনতার মতো আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় জড়িত থাকায় প্রধানমন্ত্রী আইনটি মন্ত্রিসভা থেকে পর্যালোচনা ও পরামর্শের জন্য ফেরত পাঠিয়েছেন।
তিনি বলেন, পর্যায়ক্রমে সম্পাদক, সাংবাদিক ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করা হচ্ছে। মঙ্গলবার ইউএনডিপির (জাতিসঙ্ঘ উন্নয়ন কর্মসূচি) সমন্বয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে পরামর্শ করা হয়েছে।
মতপ্রকাশের স্বাধীনতায় বিধিনিষেধের বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক সনদের (আইসিসিপিআর) ১৯ অনুচ্ছেদের ৩ উপধারায় যুক্তিসংগত বিধিনিষেধ আরোপের বিধান রয়েছে। বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদেও মতপ্রকাশ ও বাকস্বাধীনতার ক্ষেত্রে যুক্তিসংগত বিধিনিষেধের সুযোগ রয়েছে।
পরামর্শ সভায় অংশীজনদের প্রতিক্রিয়া সম্পর্কে তিনি বলেন, তারা আইনের বেশ কয়েকটি ধারার প্রশংসা করেছেন এবং কিছু সুপারিশও দিয়েছেন। সেসব সুপারিশ তাৎক্ষণিকভাবে নোট নেয়া হয়েছে। আলোচনার জন্য আইনটির খসড়া এক সপ্তাহ থেকে ১০ দিন আগেই অংশীজনদের কাছে পাঠানো হয়েছিল, যেন তারা প্রস্তুতি নিয়ে আসতে পারেন।
কোনো কনটেন্ট অপসারণ বা বন্ধ করার ক্ষমতা প্রয়োগের বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, এ ধরনের সিদ্ধান্ত বিচারিক পর্যালোচনার আওতাধীন থাকবে। বিষয়টি চূড়ান্ত খসড়ায় কিভাবে আসছে, তা দেখার পর এ নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









