লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ জন
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ জন। পুরনো ছবি
ads

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকার পর আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশী। 

ভোর ৪টা ৪৫ মিনিটে বুরাক এয়ারের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে (UZ-222) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা অবতরণ করেন। দেশে ফেরা এসব বাংলাদেশীর মধ্যে ১৯ জন শারীরিকভাবে অসুস্থ বলে জানা গেছে।

আরো পড়ুন : ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে, তারপরও আমাকে একটা বিমানও দিচ্ছে না

লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, প্রত্যাবাসিতদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন। ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর তাদের লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে রাখা হয়। দীর্ঘদিন আটক থাকার পর বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থার সমন্বিত উদ্যোগে তাদের দেশে ফেরানো হয়েছে।

প্রত্যাবাসন কার্যক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের পাশাপাশি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও লিবিয়া সরকার সহযোগিতা করেছে। দেশে ফেরার উদ্দেশ্যে যাত্রার আগে বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো: হাবীব উল্লাহ তাদের বিদায় জানান।

ঢাকার বিমানবন্দরে পৌঁছানোর পর প্রত্যাবাসিতদের জরুরি মানবিক সহায়তা দিয়েছে আইওএম। সংস্থাটির পক্ষ থেকে প্রত্যেককে বাড়ি ফেরার যাতায়াত খরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে; পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থাও রাখা হয়েছে।