ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কি
ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কি। সংগৃহীত ছবি
ads

ইউক্রেন যুদ্ধের পেছনে ব্যয় কমাতে ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২১ নভেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা জানিয়েছেন।

তিনি জানান, ট্রাম্প এই সপ্তাহে ইউরোপীয় নেতাদের বলেছেন যে, তারা ইউক্রেন যুদ্ধে প্রচুর অর্থ ব্যয় করছেন। ট্রাম্পের মতে, রাশিয়ার সাথে শান্তি চুক্তি হলে এই অর্থ তারা নিজেদের দেশের প্রয়োজনে ব্যয় করতে পারেন।

সপ্তাহের শুরুর দিকে ইউরোপীয় নেতাদের সাথে ফোনালাপে ট্রাম্প সামরিক সহায়তা অব্যাহত রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি এই সংঘাতকে ‘ব্যাটল অফ গেটিসবার্গ’-এর সাথে তুলনা করেন এবং যুক্তি দেন যে, ইউরোপ ইউক্রেনের পেছনে যে ‘অগণিত অর্থ’ ব্যয় করছে, তা তারা তাদের নিজেদের দেশের উন্নয়নে খরচ করতে পারে।

জেলেনস্কি সাংবাদিকদের বলেন, ট্রাম্প বলেছেন যে ইউরোপ অনেক অর্থ ব্যয় করছে, আর যুদ্ধ শেষ হলে তারা এই অর্থ নিজেদের জন্য ব্যয় করতে পারে। তবে এটি কোনো হুমকির মতো শোনায়নি।’

শুক্রবার ওয়াশিংটনে ফিরে ট্রাম্প জানান, আলোচনার সময় ইউক্রেন যুদ্ধ কূটনৈতিক উপায়ে শেষ করার ইচ্ছা প্রকাশ করেছেন পুতিন। 

তবে জেলেনস্কি জানিয়েছেন, পুতিনের উদ্দেশ্য নিয়ে তিনি নিশ্চিত নন।

মস্কো নিয়ে জেলেনস্কির সংশয় 
ওয়াশিংটন যত দ্রুত সম্ভব শান্তি আলোচনার পরবর্তী পর্ব আয়োজনের চেষ্টা করছে—এমন কথা উল্লেখ করলেও, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সত্যিই আলোচনার জন্য প্রস্তুত কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জেলেনস্কি। 

তিনি বলেন, ‘পুতিন সমঝোতার জন্য প্রস্তুত কি না, সে বিষয়ে আমি আমেরিকানদের চেয়ে কিছুটা বেশি সন্দিহান।’

তার আশঙ্কা, মস্কো হয়তো ভবিষ্যতে আলোচনা পিছিয়ে দেয়ার চেষ্টা করবে।

শান্তির বিনিময়ে ইউক্রেনকে তাদের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল পুরোপুরি ছেড়ে দিতে হবে—এমন দাবি থেকে সরে আসার কোনো লক্ষণই দেখাননি পুতিন।

জেলেনস্কি এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে ওই অঞ্চল রক্ষায় অনেক ইউক্রেনীয় সেনা প্রাণ দিয়েছেন।

শান্তি প্রক্রিয়ায় ইউরোপকে পূর্ণ অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে মার্কিন দূতদের সাম্প্রতিক ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জেলেনস্কি। 

উল্লেখ্য, নয় মাস বিরতির পর এই মাসে আবুধাবিতে আলোচনার মাধ্যমে শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু হয়েছে।

ইউরোপের প্রতিক্রিয়া 
ট্রাম্পের মন্তব্যের পর ইউরোপীয় কর্মকর্তারা কিয়েভকে সমর্থন দেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। 

তারা সতর্ক করে বলেছেন, রাশিয়াকে জয়ী হতে দিলে পুরো মহাদেশজুড়ে নিরাপত্তার ক্ষেত্রে ভয়াবহ পরিণতি নেমে আসবে।

সূত্র : দ্য নিউজ ইন্টারন্যাশনাল