
লালমনিরহাটে ট্রাক, নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ফজলু মিয়া (৫০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন।
রোববার (২২ নভেম্বর) ভোর ৬টার দিকে সদর উপজেলার আর কে রোডে ফকিরের তকেয়া বাজার ও বড়বাড়ীর মধ্যবর্তী বসুনিয়া বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত ফজলু সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া মৌজার খোঁড়াগাছ এলাকার বাসিন্দা মনজুর আলীর ছেলে। স্থানীয় মাছ ব্যবসায়ী ফজলের ছোট ভাই ফজলু পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ভোরে শ্যালোইঞ্জিনচালিত একটি নছিমন ও মোটরসাইকেলের সাথে কুড়িগ্রাম থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ফজলু ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেলচালক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
লালমনিরহাট সদর থানার এসআই খাদিমুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটির চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে।
তিনি আরো জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









