
নিউইয়র্ক নগরের সরকারি খাদ্য কর্মসূচিতে হালাল ও কোশার খাবারের প্রাপ্যতা বাড়াতে নির্বাহী আদেশে সই করেছেন মেয়র জোহরান মামদানি। গত ১৮ নভেম্বর সই করা এ আদেশের মাধ্যমে সরকারি স্কুল, হাসপাতাল, প্রবীণদের সেবাকেন্দ্র, গৃহহীনদের আশ্রয়কেন্দ্রসহ নগরের বিভিন্ন প্রতিষ্ঠানে ধর্মীয় বিধান মেনে খাবার সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে।
নিউইয়র্ক নগরের বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে প্রতিবছর শিক্ষার্থী, হাসপাতালের রোগী, প্রবীণ ও আশ্রয়কেন্দ্রের বাসিন্দাদের জন্য ২২ কোটির বেশি খাবার ও নাশতা সরবরাহ করা হয়। নতুন নির্বাহী আদেশের লক্ষ্য হলো এসব কর্মসূচিতে হালাল ও কোশার খাবারের প্রাপ্যতা বাড়ানো এবং কোন খাবার কোন ধর্মীয় বিধান মেনে তৈরি, তা সহজে শনাক্ত করার ব্যবস্থা করা।
এক বিবৃতিতে মেয়র জোহরান মামদানি বলেন, ‘ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক হওয়ায় কোনো নিউইয়র্কবাসীকে পুষ্টিকর খাবার ফিরিয়ে দিতে হওয়া উচিত নয়।’
এক্সিকিউটিভ অর্ডার ২৫ অনুযায়ী, মেয়রের খাদ্যনীতি বিষয়ক কার্যালয় (মেয়রস অফিস অব ফুড পলিসি) সরকারি খাদ্য কর্মসূচিতে ধর্মীয় খাদ্যবিধি অনুসরণকারীদের খাবার সরবরাহের বিষয়ে নগরজুড়ে একটি নির্দেশিকা তৈরি করবে। ২০২৭ সালের ১৭ নভেম্বরের মধ্যে এ নির্দেশিকা প্রকাশের কথা রয়েছে। নগরের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশিকার সুপারিশ বাস্তবায়নে যথাসাধ্য পদক্ষেপ নিতে বলা হয়েছে।
নির্দেশিকায় হালাল ও কোশার খাবারের তৃতীয় পক্ষের সনদ, খাবার ও উপাদানের স্পষ্ট লেবেল, পাশাপাশি সরকারি খাদ্য কর্মসূচির সুবিধাভোগীদের মতামত জানতে প্রতিবছর জরিপ পরিচালনার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। সরকারি সংস্থা ও তাদের খাদ্য সরবরাহকারীদের মধ্যে এ বিষয়ে অভিন্ন মানদণ্ড প্রতিষ্ঠার উদ্যোগও নেয়া হবে।
মেয়রের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা) সভাপতি ইমাম দেলোয়ার হোসেন। তিনি একে মুসলিম সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির প্রতি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, নিউইয়র্কের স্কুল, হাসপাতাল ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে হালাল খাবার নিশ্চিত করা মুসলিম সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি। মামদানি এ উদ্বেগকে গুরুত্ব দিয়ে নির্বাহী আদেশ জারি করায় তিনি মেয়রকে ধন্যবাদ জানান। একই সাথে এ উদ্যোগ বাস্তবায়নে কাজ করা ব্যক্তিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইমাম দেলোয়ার হোসেনের মতে, এ উদ্যোগ ধর্মীয় স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, যথাযথভাবে আদেশটি বাস্তবায়িত হলে মুসলিমসহ সংশ্লিষ্ট সব সম্প্রদায়ের মানুষ উপকৃত হবেন।
নিউইয়র্ক মহানগর এলাকার মাজলিস আশ-শুরার সভাপতি ইমাম আবদুল্লাহও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি হালাল খাবারের যথাযথ সনদ ও তদারকির ওপর গুরুত্ব দিয়েছেন। তার মতে, হালাল খাবার সহজলভ্য হওয়ার পাশাপাশি তা নির্ভরযোগ্যভাবে যাচাই এবং নির্ধারিত মান অনুযায়ী প্রস্তুত ও সরবরাহ নিশ্চিত করতে হবে।
নিউইয়র্কের মুসলিম সম্প্রদায়ের জন্য হালাল খাবারের সীমিত প্রাপ্যতা দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। বিশেষ করে স্বল্প আয়ের পরিবার এবং সরকারি খাদ্য সহায়তার ওপর নির্ভরশীল ব্যক্তিরা এ সমস্যায় বেশি ভুগছেন।
এপিসেন্টার এনওয়াইসির এক প্রতিবেদনে উল্লেখ করা ২০২২ সালের একটি গবেষণায় দেখা যায়, আরব-আমেরিকান ফ্যামিলি সাপোর্ট সেন্টারের করা জরিপে নিউইয়র্ক নগরের ৭৫টি খাদ্য বিতরণকেন্দ্রের মধ্যে মাত্র ৩৮ শতাংশে হালাল খাবার পাওয়া যেত। ফলে অনেক মুসলিম পরিবার এসব কেন্দ্র থেকে প্রয়োজনের তুলনায় কম খাবার নিয়ে ফিরতে বাধ্য হতো। কারও কারও জন্য ধর্মীয় বিধান অনুযায়ী গ্রহণযোগ্য প্রোটিনজাত খাবার পাওয়াও কঠিন হয়ে পড়েছিল।
ওই প্রতিবেদনে খাবারের অস্পষ্ট লেবেল, হালাল গোশতের সীমিত সরবরাহ এবং হালাল ও সাধারণ খাবার একই স্থানে প্রস্তুত বা সংরক্ষণের কারণে একটির সাথে অন্যটির সংস্পর্শে আসার ঝুঁকির কথাও তুলে ধরা হয়।
মুসলিমদের হালাল খাদ্যবিধি অনুযায়ী, শুধু খাবারের গায়ে হালাল লেখা থাকাই যথেষ্ট নয়। গোশতের উৎস, স্বীকৃত প্রতিষ্ঠানের সনদ, রান্নার পদ্ধতি, সংরক্ষণ এবং পরিবেশনের ব্যবস্থাও গুরুত্বপূর্ণ।
নতুন নির্বাহী আদেশের মাধ্যমে সনদ ও খাবারের লেবেলিংয়ে স্পষ্টতা আনার পাশাপাশি সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর আশা করা হচ্ছে। এর ফলে হালাল ও কোশার খাবারের মান এবং সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা বাড়তে পারে।
বহুজাতিক ও বহুধর্মীয় জনগোষ্ঠীর শহর নিউইয়র্কে এ উদ্যোগকে ধর্মীয় স্বাধীনতা ও সমান অধিকার প্রতিষ্ঠার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যথাযথভাবে বাস্তবায়িত হলে সরকারি খাদ্য সহায়তা গ্রহণের ক্ষেত্রে মুসলিম ও ইহুদি বাসিন্দাদের ধর্মীয় বিশ্বাসের সাথে আপস করতে হবে না। একই সাথে নগরের খাদ্য সরবরাহব্যবস্থায় জবাবদিহি ও স্বচ্ছতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









