কিলিয়ান এমবাপ্পে, এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়াল মাদ্রিদ, সেল্টা ভিগো, রিয়াল মাদ্রিদ বনাম সেল্টা ভিগো, কার্লোস এস্পি, লা লিগা, বার্সেলোনা, সান্তিয়াগো বার্নাব্যু, জাভি গালান, উইলিয়ট সোয়েডবার্গ, থিবো কোর্তোয়া, হোসে মরিনহো, ভিনিসিউস জুনিয়র, জুড বেলিংহ্যাম, এদুয়ার্দো কামাভিঙ্গা, এস্পানিওল, এলচে, টেনিস কিংবদন্তি, রাফায়েল নাদাল
গোলের পর এস্পির উদযাপন। সংগৃহীত
ads

ম্যাচের শুরুতে গোল হজম, প্রথমার্ধে এমবাপ্পের পেনাল্টি মিস—সব মিলিয়ে কঠিন পরিস্থিতিতে পড়েছিল রিয়াল মাদ্রিদ। তবে বিরতির পর ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত সেল্টা ভিগোর বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে তারা। 

সেল্টা ভিগোর বিপক্ষে রিয়ালের জয়সূচক গোলটি এসেছে বদলি হিসেবে নামা কার্লোস এস্পির পা থেকে। এই জয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সাথে পয়েন্টের ব্যবধান ঘুচিয়েছে রিয়াল।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় সেল্টা। বাঁ দিক থেকে জাভি গালানের বাড়ানো বল পেয়ে ছয় গজ বক্সে পা ছুঁয়ে জালে পাঠান পাবলো দুরান। শুরুতেই পিছিয়ে পড়ে চাপে পড়ে রিয়াল।

প্রথমার্ধে রিয়ালের আক্রমণেও ছিল না প্রত্যাশিত ধার। উল্টো ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল সেল্টা। ২৩ মিনিটে উইলিয়ট সোয়েডবার্গের শট লক্ষ্যে থাকেনি। ৩২ মিনিটে সতীর্থের পাস পেয়ে অরক্ষিত অবস্থায় থেকেও পোস্টের বাইরে মারেন তিনি।

কিছুক্ষণ পর তার কাছ থেকে পাওয়া আরেকটি সুযোগ ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া। বেঁচে যায় রিয়াল। ৩৭ মিনিটে অবশ্য সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পায় স্বাগতিকরা। বক্সে এমবাপ্পেকে ফাউল করায় পেনাল্টি পায় তারা।

কিন্তু ভাগ্য সহায় হয়নি। স্পট কিক নিতে গিয়ে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান ফরাসি তারকা। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি রিয়াল। পিছিয়ে থেকেই শেষ হয় প্রথমার্ধ। 

বিরতির পর আক্রমণে গতি বাড়ায় স্বাগতিকরা। ৫৭ মিনিটে একসাথে তিনটি পরিবর্তন আনেন কোচ হোসে মরিনহো। চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরেন ভিনিসিউস জুনিয়র। তার আগমনেই রিয়ালের আক্রমণে বাড়তি প্রাণ দেখা যায়।

৬৫ মিনিটে সেল্টার ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও মোরিবার জোরালো শট ঠেকিয়ে দেন কোর্তোয়া। 

পরের মিনিটেই সমতা ফেরে রিয়াল। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে এমবাপ্পেকে বল বাড়ান ভিনিসিউস। এমবাপ্পের ফিরিয়ে দেয়া বল পেয়ে জোরালো শটে গোল করেন জুড বেলিংহ্যাম।

সমতা ফেরানোর পর জয়ের জন্য চাপ অব্যাহত রাখে রিয়াল। ৭৯ মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গার বদলে মাঠে নামেন কার্লোস এস্পি। ছয় মিনিট পরই ব্যবধান গড়ে দেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড। 

বেলিংহ্যামের পাস ধরে ভিনিসিউস বাঁ দিক দিয়ে এগিয়ে ক্রস করেন। এস্পির হেড গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বল জালে পাঠিয়ে নিশ্চিত করেন রিয়ালের জয়।

লিগে চলতি মৌসুমে এস্পির তিনটি গোলই এসেছে বদলি হিসেবে নেমে, প্রতিটিই জয়সূচক। এস্পানিওলের বিপক্ষে ৯০ মিনিটে, এলচের বিপক্ষে ৯১ মিনিটে, এবার ৮৫ মিনিটে গোল করে দলের জয়ের নায়ক হয়েছেন তিনি।

এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নবম জয় পেল রিয়াল। লা লিগায় ১৩ ম্যাচে ১১ জয় ও ৩৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনার সাথে সমতায় আছে তারা। তবে এক ম্যাচ কম খেলেছে বার্সেলোনা। ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সেল্টা ভিগো আছে ১৩ নম্বরে।

এদিন গ্যালারিতে উপস্থিত ছিলেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। একই দিন রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।