ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩১ শিক্ষার্থীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে। নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিং, শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের পৃথক ঘটনায় ৩১ শিক্ষার্থীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে ২৬ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এছাড়া চারজনকে সতর্ক এবং একজনের দুই সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে পাঁচজনকে আজীবন, দুজনকে দুই বছর ও ১৯ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

Advertisement

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো: আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, শৃঙ্খলা ভঙের দায়ে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের পাঁচ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তারা হলেন আল-নাজিব মাহি, কাইয়ুম মোস্তফা, আব্দুল কাইয়ুম, তারিফ জামান রাজ ও মোফাজ্জল হোসেন বরকত। একই বিভাগের মোজাহেদুল ইসলাম মিম, সায়েম হাফিজ সিয়াম, আব্দুল ফাত্তাহ আকিব ও নবী হোসেন শুভকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তানবীন ইসলাম, জাহিদুল ইসলাম, আহসানুল হাবিব ও আব্দুল হালিমকে সতর্ক করা হয়েছে।

অন্যদিকে, র‍্যাগিংয়ের দায়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সানি নেহালী ও সানাউল করিমকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ বিভাগের ১৫ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। তাদের মধ্যে রয়েছেন শেখ মেহেদী হাসান, আরিফ হোসেন, সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াসিমাত সারা, সাজ্জাদ হোসাইন রোহান, শাহরিয়ার যোবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রীতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাসবুজ্জামান হাসিব, সাব্বির আহমেদ, এন আর নির্ঝরা, ফাইজা জামান পূর্বা ও মেহেদী হাসান।

এর আগে, ট্যুরিজম বিভাগে নবীন শিক্ষার্থীদের ‘ম্যানার শেখানো’ ও ‘ফরমাল পরিচয়পর্বের’ নামে র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে। ভুক্তভোগীদের অভিযোগ, তাদের ঘণ্টার পর ঘণ্টা কক্ষে আটকে রাখা, গভীর রাতে ক্যাম্পাসে বসিয়ে রাখা, ল্যাম্পপোস্ট গুনতে পাঠানো, জোর করে নাচানো, ময়লা পানি মুখে নিয়ে দাঁড়িয়ে রাখা এবং নির্মাণাধীন ভবনের ছাদে উঠে ছবি তুলতে বাধ্য করা হতো। এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগও ওঠে। এসব ঘটনায় বিভাগের প্রায় ১৬ শিক্ষার্থী লিখিত অভিযোগ দেন।

অন্যদিকে, লোকপ্রশাসন বিভাগে র‍্যাগিং ও ‘ম্যানার শেখানোর’ নামে নবীনদের ওপর চাপ প্রয়োগের প্রতিবাদ করায় এক শিক্ষার্থীকে বয়কটের অভিযোগ ওঠে। ভুক্তভোগী শিক্ষার্থী তারিফ জামান রাজের অভিযোগ, বয়কট তুলে নিতে তার কাছে ২৫ হাজার টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ২৩ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের বাইরে নির্জন স্থানে আটকে তাকে মারধর করা হয়। এ ঘটনায় তিনি প্রক্টর ও বিভাগীয় সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন। পরে অভিযুক্তরাও রাজের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন।

এদিকে, ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদুল করিমের দুই সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন, গর্ভপাতের জন্য চাপ, ব্ল্যাকমেইল ও আর্থিক সুবিধা নেয়ার অভিযোগ করেন এক ছাত্রী। এ ঘটনায় ওই ছাত্রী ছাত্র উপদেষ্টা, যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ সেল এবং প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। পরে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়ার পর তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।