মার্কিন মধ্যবর্তী নির্বাচন ২০২৬, তরুণ ভোটার, যুদ্ধবিরোধী আন্দোলন, ওয়ার্ল্ড বিয়ন্ড ওয়ার, সানরাইজ মুভমেন্ট শিকাগো, ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা, মার্কিন সামরিক বাজেট, জলবায়ু সঙ্কট
যুক্তরাষ্ট্রের যুদ্ধমেশিন রুখে দিলো তরুণরা। সংগৃহীত

২০২৬ সালের ৩ নভেম্বর মার্কিন ভোটাররা এক জরুরি বার্তা দিয়েছেন রিপাবলিকান পার্টি এবং ডেমোক্র্যাটিক দলের চেনা ছকে চলা রাজনৈতিক স্থিতাবস্থার বিরুদ্ধে। বিশ্বজুড়ে মানুষকে গ্রাস করতে থাকা সবচেয়ে বড় হুমকি—পারমাণবিক অস্ত্রের বিস্তার, পরিবেশগত বিপর্যয় এবং গণহত্যার মতো অপরাধে অংশীদারিত্ব—মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেয়ার জোর দাবি জানিয়েছেন ভোটাররা।

Advertisement

নির্বাচনের ঠিক তিন সপ্তাহ আগে, ‘ওয়ার্ল্ড বিয়ন্ড ওয়ার’-এর ইলিনয় শাখা এক ‘ইয়াং ভোটার্স কংগ্রেস’-এর আয়োজন করেছিল। এটি ছিল একটি হাইব্রিড ফোরাম, যেখানে উপস্থিত তরুণদের আগামী নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি প্রভাব ফেলবে, তা নিয়ে মতামত প্রকাশের সুযোগ দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতে স্পোকেন ওয়ার্ড কবি ট্রেই বেকার বর্ণবাদ, সামরিকবাদ এবং লাগামহীন লোভের নির্মম শিকড়গুলোর কথা তুলে ধরেন; তবে তিনি বিশ্বাস করেন যে একটি উন্নত ও সুন্দর বিশ্ব এখনো গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ‘সানরাইজ মুভমেন্ট শিকাগো’র কমিউনিকেশনস লিড কায়লা পিলগ্রিম। হাঁপানিতে আক্রান্ত তার দুই ছোট বোনের জন্য গভীর উদ্বেগই কায়লাকে দূষিত পরিবেশ সম্পর্কিত সমস্যাগুলোর বিরুদ্ধে লড়াই করতে অনুপ্রাণিত করেছে। মাত্র ২০ বছর বয়সেই তিনি সমাজ ও রাজনীতির বিষাক্ত সম্পর্কগুলোর সুতো যুক্ত করতে শিখে গেছেন। অনুষ্ঠানে সমবেত তরুণদের উদ্দেশ্যে তিনি আহবান জানান—কমিউনিটি বা সম্প্রদায় গড়ে তুলে ও সক্রিয় আন্দোলনের মাধ্যমে ভীতি ও শঙ্কা দূর করার জন্য।

কায়লা বলেন ’আমাদের প্রথম কাজ হলো ফ্যাসিবাদকে চূর্ণ-বিচূর্ণ করা।’ তিনি ‘সামরিক-শিল্প-গণমাধ্যম-কংগ্রেসনাল’ ব্যবস্থার অপব্যবহারের তীব্র নিন্দা জানান এবং ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটিকে (ডিএনসি) গণহত্যায় অর্থায়ন বন্ধ করে পরিবেশগত বিপর্যয় রোধের প্রচেষ্টায় সেই অর্থ বরাদ্দের আহবান জানান।

কায়লা উল্লেখ করেন যে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের গণহত্যাকে প্রশ্রয় দেয়া প্রার্থীদের সমর্থনের প্রতিবাদে শিকাগোর সানরাইজ মুভমেন্ট সম্প্রতি স্থানীয় এআইপিএসি কার্যালয় ঘেরাও ও দখল করেছিল। এছাড়া ইলিনয়ের অধিবাসীদের প্রতি তিনি আহবান জানান ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টকে (আইসিই) চিরতরে বিদায় করার জন্য।

‘সামরিকবাদ, বর্ণবাদ, বৈষম্য এবং জলবায়ু সঙ্কট : যুদ্ধযন্ত্রের বিস্তার’ শীর্ষক এক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন ‘কোডপিঙ্ক’-এর দানাকা কাতোভিচ। এতে প্যানেলিস্ট হিসেবে ছিলেন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার শিকাগো’র পরিচালক ট্রা পালেরমাস এবং ২০২৪ সালে ডেপল ইউনিভার্সিটির  ফিলিস্তিনপন্থী তাবু আন্দোলনের সমন্বয়ক হেনা আয়েশ। আন্দোলনমুখী হওয়ার অনুপ্রেরণা থেকে শুরু করে দেশে এবং বিদেশে শিশুদের হত্যা করার জন্য করের টাকা দেয়ার মতো ঘৃণ্য বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করেন।

হেনা আয়েশ মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতি ও বিদ্রূপাত্মক আচরণের কথা তুলে ধরে বলেন—যে যুক্তরাষ্ট্র আদিবাসীদের কাছ থেকে কেড়ে নেয়া ভূমির ওপর গড়ে উঠেছে, তারাই আজ ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে অস্ত্র ও নজরদারি প্রযুক্তি সরবরাহ করছে।

প্যানেলিস্ট ট্রা পালেরমাস জানান, শৈশবে তার হাইতিয়ান পরিবারের সদস্যরা তাকে সামরিকবাদের বিরোধিতা করতে অনুপ্রাণিত করেছিলেন। বিদেশের মাটিতে যুক্তরাষ্ট্রের চালানো যুদ্ধই হোক, কিংবা মার্কিন শহরগুলোতে ব্যাপকভাবে সামরিকায়িত পুলিশিং ও কারাদণ্ড—যে সহিংসতাই সমাজ ও সম্প্রদায় ধ্বংস করুক না কেন, তিনি তার তীব্র নিন্দা জানান।

দানাকা কাতোভিচ (কোডপিঙ্ক) উপস্থিত সকলকে ’এনডিএএ’ (ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট) ১০৩৩‘ কর্মসূচির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান, যে কর্মসূচির আওতায় মার্কিন যুদ্ধ মন্ত্রণালয়ের অতিরিক্ত অস্ত্রগুলো মার্কিন পুলিশ বিভাগগুলোকে উপহার হিসেবে দেয়া হয়।

মধ্যবর্তী নির্বাচনের পরদিন, দানাকার সহকর্মী মেলিসা গ্যারেগা প্রশ্ন তোলেন যে মার্কিন করদাতারা কেন ’ভোটারদের দ্বারা প্রত্যাখ্যাত মানুষদের হাতে অভূতপূর্ব ১.৫ ট্রিলিয়ন (দেড় লাখ কোটি) ডলারের যুদ্ধ বাজেট তুলে দেবে তাদের মৃত্যু ও ধ্বংসের রাজত্ব চালিয়ে যাওয়ার জন্য? যে অস্ত্র নির্মাতা ও এআই টেক বিলিয়নিয়াররা চিহ্নিত যুদ্ধাপরাধীদের আদেশে কাজ করে, তাদের হাতে কংগ্রেসকে মানব ইতিহাসের বৃহত্তম যুদ্ধ বাজেট তুলে দিতে আমরা কেন ছাড় দেবো?’

আশা করা যায়, এই তীক্ষ্ণ প্রশ্নের পাশাপাশি 'ইয়াং ভোটার্স কংগ্রেস‘-এ উঠে আসা সমস্ত বিষয় আন্দোলনকারীদের রাজপথে থাকতে, সতর্ক থাকতে এবং তরুণদের দেখানো পথ অনুসরণ করতে অনুপ্রাণিত করবে।

‘ইয়াং ভোটার্স কংগ্রেস’ অনুষ্ঠানটি যেসকল সংস্থা সমর্থন জানিয়েছে: এশিয়ান আমেরিকানস অ্যাডভান্সিং জাস্টিস – শিকাগো, ব্ল্যাক লাইভস ম্যাটার শিকাগো, শিকাগো এরিয়া পিস অ্যাকশন, কোডপিঙ্ক, জাস্টিস ফর অল, মেসোনাইট অ্যাকশন শিকাগো, ননভায়োলেন্ট সিটিস প্রজেক্ট-জলিয়েট, নিউক্লিয়ার এনার্জি ইনফরমেশন সার্ভিস, প্যাক্স ক্রিস্টি ইলিনয়, সানরাইজ মুভমেন্ট শিকাগো এবং ইউথ হিলিং চি। সূত্র : প্যালেস্টাইন ক্রনিকল