অর্থনীতি, বাংলাদেশ
প্রতীকী ছবি। সংগৃহীত

টানা দুই মাস সংকোচনের পর অক্টোবরে আবার সম্প্রসারণের ধারায় ফিরেছে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড। মাসটিতে বাংলাদেশের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) আগের মাসের তুলনায় ৩ দশমিক ২ পয়েন্ট বেড়ে ৫১ দশমিক ৮ হয়েছে।

Advertisement

কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা— অর্থনীতির প্রধান চারটি খাতেই সম্প্রসারণের লক্ষণ দেখা গেছে।

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে রোববার (৯ নভেম্বর) অক্টোবর মাসের পিএমআই প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, অক্টোবরে কৃষি খাতের সম্প্রসারণের গতি আরো বেড়েছে। এ খাতের পিএমআই ৬ পয়েন্ট বেড়ে ৬১ দশমিক ২-এ উন্নীত হয়েছে। এ নিয়ে টানা ১৪ মাস ধরে কৃষি খাতে সম্প্রসারণ অব্যাহত রয়েছে।

নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম ও কর্মসংস্থান সূচক সম্প্রসারণের ধারায় রয়েছে। পাশাপাশি অসমাপ্ত কাজের সূচকও আবার সম্প্রসারণের পর্যায়ে ফিরেছে। তবে উৎপাদন উপকরণের ব্যয় সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।

উৎপাদন খাতের পিএমআই ৬ দশমিক ১ পয়েন্ট বেড়ে ৫০ দশমিক ৯-এ পৌঁছেছে। এর ফলে এ খাতও সংকোচন থেকে সম্প্রসারণে ফিরেছে। উৎপাদন উপকরণ ও প্রস্তুতকৃত পণ্যের মজুত এবং আমদানি সূচক সম্প্রসারণের পর্যায়ে এসেছে। কর্মসংস্থান ও সরবরাহকারীদের পণ্য সরবরাহ সূচকেও সম্প্রসারণ অব্যাহত রয়েছে।

নির্মাণ খাতের পিএমআই ২ দশমিক ৫ পয়েন্ট বেড়ে ৫১-এ উন্নীত হয়েছে। সেপ্টেম্বর মাসে স্থিতিশীল থাকার পর অক্টোবরে এ খাতের কর্মসংস্থান সূচক আবার সম্প্রসারণের পর্যায়ে ফিরেছে। অসমাপ্ত কাজের সূচকেও সম্প্রসারণ অব্যাহত রয়েছে।

সেবা খাতের পিএমআই ১ দশমিক ৩ পয়েন্ট বেড়ে ৫০ দশমিক ৩-এ উন্নীত হয়েছে। ফলে এ খাতও সম্প্রসারণের ধারায় ফিরেছে। কর্মসংস্থান সূচক আবার সম্প্রসারণের পর্যায়ে এলেও নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম ও অসমাপ্ত কাজের সূচক এখনো সংকোচনের মধ্যে রয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিস্থিতি সূচকে চারটি খাতেই সম্প্রসারণের ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। এটি সংশ্লিষ্ট খাতগুলোর ভবিষ্যৎ ব্যবসায়িক পরিবেশ নিয়ে ইতিবাচক প্রত্যাশার প্রতিফলন।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম. মাশরুর রিয়াজ বলেন, অক্টোবরের পিএমআই বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতে সীমিত হলেও ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে। টানা দুই মাসের কঠিন পরিস্থিতির পর সূচকটি আবার সম্প্রসারণের ধারায় ফিরেছে। এ ক্ষেত্রে বিশেষ করে কৃষি খাতের শক্তিশালী কার্যক্রম এবং রফতানি পরিস্থিতির উন্নতি ভূমিকা রেখেছে।

তবে অর্থনীতির এই পুনরুদ্ধার এখনো বেশ নাজুক বলে মন্তব্য করেন তিনি।

তার মতে, উৎপাদন, নির্মাণ ও সেবা খাতে নতুন অর্ডার ও ব্যবসায়িক কার্যক্রম এখনো সংকোচনের মধ্যে রয়েছে। একইসাথে উৎপাদন উপকরণের ব্যয়ও উচ্চপর্যায়ে রয়েছে। ফলে পিএমআইয়ের সম্প্রসারণ সামগ্রিক চাহিদার ব্যাপক ও শক্তিশালী উন্নতির প্রতিফলন নয়।

অর্থনৈতিক পুনরুদ্ধার টেকসই করতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, কার্যকরী মূলধনের সংকট কমানো এবং ব্যবসায়িক ব্যয় বৃদ্ধি নিয়ন্ত্রণ করা জরুরি বলে উল্লেখ করেন তিনি।

ড. মাশরুর রিয়াজ বলেন, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে ইতিবাচক প্রত্যাশা থাকলেও তা বাস্তব বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধিতে রূপ দিতে ব্যবসা পরিচালনার জন্য আরও পূর্বানুমানযোগ্য ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে হবে।

যুক্তরাজ্য সরকারের সহায়তা এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের কারিগরি সহযোগিতায় এমসিসিআই ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যৌথভাবে এ সূচক প্রণয়ন করে। পিএমআই একটি অগ্রগামী অর্থনৈতিক সূচক, যা দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও ব্যবসায়িক কর্মকাণ্ডের গতিপ্রকৃতি সম্পর্কে সময়োপযোগী ধারণা দেয়।

সূত্র : বাসস