ধর্মঘট পালনকারী ব্যাটারিচালিত অটোরিকশা চালক ও মালিকরা
ধর্মঘট পালনকারী ব্যাটারিচালিত অটোরিকশা চালক ও মালিকরা। সংগৃহীত

নেত্রকোনায় ব্যাটারচালিত অটোরিকশা ধর্মঘটের কারণে সাধারণ যাত্রীদের সীমাহীন ভোগান্তির কবলে পড়তে হয়েছে।

Advertisement

সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে নেত্রকোনা পৌর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রী ও পথচারীদের এই ভোগান্তি পোহাতে হয়।

একাধিক ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে মালিক ও চালকরা এই ধর্মঘটের ডাক দেন। সকাল থেকে এই ধর্মঘটের সমর্থনে চালকরা শহরের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে অটো চলাচলে বাধার সৃষ্টি করেন। সঙ্ঘবদ্ধ চালক ও শ্রমিকরা শহরে মিছিল করেন।

দুপুর ১২টার দিকে ছোট বাজার এলাকায় দু’টি অটো ঢুকে পড়লে শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এমতাবস্থায় অটো চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকায় পথচারী ও সাধারণ যাত্রীরা সীমাহীন ভোগান্তির কবলে পড়েন। দূরদূরান্ত থেকে আসা সাধারণ যাত্রীদের ব্যাগ ও লাগেজ নিয়ে পায়ে হেঁটে বহু কষ্টে গন্তব্যে পৌঁছাতে হয়। কর্মজীবী থেকে শুরু করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও ভোগান্তির কবলে পড়েন। ধর্মঘটের কারণে কার্যত শহরে হরতালের রূপ ধারণ করে।

পরে নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ডা: আনোয়ারুল হকের আশ্বাসের পরিপ্রেক্ষিতে মালিক ও চালকরা ধর্মঘট স্থগিত ঘোষণা করেন। এতে সাধারণের মাঝে স্বস্তি নেমে আসে।