
গাজার দেইর আল-বালাহ এলাকায় রোববার রাতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুর ওপর বালুর বিশাল বাঁধ ধসে তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই নারীও রয়েছেন। প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় গাজাজুড়ে বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী আশ্রয়শিবিরগুলো বিপর্যস্ত হয়ে পড়েছে।
মিডলইস্ট আই সোমবার (৯ নভেম্বর) জানায়, বালুর বাঁধ ও আশপাশের মাটির স্তূপ ধসে এ দুর্ঘটনা ঘটে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, সপ্তাহান্তে নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বাঁধটি ধসে পড়ে। উদ্ধারকর্মীরা আহত অবস্থায় অন্তত পাঁচজনকে উদ্ধার করেছেন। নিখোঁজদের সন্ধানে অভিযান চলছিল। নিহতদের মধ্যে মারিয়াম নাবহান ও তার ছেলে সালাহ নাবহান রয়েছেন। অন্য তিনজন হলেন রিম আল-জাইন, হাবিবা আল-জাইন ও ইব্রাহিম আল-জাইন।
সপ্তাহান্তের প্রবল বৃষ্টিতে গাজাজুড়ে বাস্তুচ্যুত পরিবারগুলোর প্রায় ৭০ হাজার অস্থায়ী তাঁবু পানিতে ডুবে যায়। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রায় ২৭০ হাজার তাঁবুতে বসবাস করছেন ২০ লাখ ফিলিস্তিনি। এর ৬০ থেকে ৮৫ শতাংশই ব্যবহার যোগ্য নেই। ফলে চার লাখের বেশি মানুষ বন্যা, বৃষ্টির পানি জমে থাকা ও উপকূলীয় ঝড়ের ঝুঁকির মুখে রয়েছেন। হামাস এ বিপর্যয়ের জন্য ইসরাইলকে দায়ী করেছে। ইসরাইল গাজায় অবরোধ আরোপ করে রেখেছে ও নতুন তাঁবু, ভ্রাম্যমাণ ঘরসহ আশ্রয়সামগ্রী ঢুকতে বাধা দিচ্ছে।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দফতরের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যায় গাজার অন্তত ৯২ শতাংশ বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন ২২ লাখ মানুষের প্রায় সবাই। এখনো অন্তত ১৭ লাখ মানুষ অস্থায়ী শিবিরে বাস করছেন। ২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরাইল প্রায় প্রতিদিনই বিমান হামলা ও বাড়িঘর ধ্বংস চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলি হামলায় প্রায় ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৭৪ হাজার ৬০০। নিখোঁজ রয়েছেন আরো হাজার হাজার মানুষ, যাদের অধিকাংশই ধ্বংসস্তূপের নিচে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। গাজায় খাদ্য, ওষুধ ও আশ্রয়সামগ্রীসহ জরুরি পণ্য ঢোকার ওপর কঠোর বিধিনিষেধ বহাল রেখেছে ইসরাইল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








