
ব্যবসায়িক অঙ্গনে বড় ধরনের আর্থিক সঙ্কটের মুখে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের নায়ক ও ব্যবসায়ী এম এ জলিল অনন্ত। বিপুল অঙ্কের ব্যাংকঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে তার মালিকানাধীন একাধিক শিল্পপ্রতিষ্ঠান।
এতে চাকরি হারিয়ে কর্মহীন হয়ে পড়েছেন ১০ হাজারেরও বেশি শ্রমিক। ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে বিনিয়োগকারী ও অংশীদার খুঁজলেও তাতে সাড়া মেলেনি। এমনকি কারখানাগুলো ভাড়া দেয়ার উদ্যোগ নিয়েও সফল হতে পারেননি তিনি।
এরই মধ্যে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা ঋণ আদায়ের জন্য অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের কাছে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ফলে তার ব্যবসায়িক সঙ্কট আরো জটিল হয়ে উঠেছে।
ব্যাংকের পাঠানো নোটিশ অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলস লিমিটেডের ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার একটি মেয়াদি ঋণ পুনঃতফসিল করা হয়। পরবর্তী সময়ে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংককে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল। তবে গত ২ নভেম্বর হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়।
নোটিশে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধ না করলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার উল্লেখ করা হয়েছে।
ব্যাংকের আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল গণমাধ্যমকে জানান, করোনাকালে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসায়িক কাজ না থাকলেও শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছেন। সেই ঋণের সুদসহ বর্তমানে বিপুল অঙ্কের দেনা তৈরি হয়েছে।
অন্যদিকে, গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস। এ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে ব্যাংকের সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন তিনি।
এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে তৈরি পোশাকশিল্পে যাত্রা শুরু করেন চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। সময়ের সাথে বিস্তৃত হয় তার ব্যবসার পরিধি, গড়ে তোলেন একাধিক শিল্পপ্রতিষ্ঠান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








