
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিলের সদস্য নিত্যা রমন বর্তমান মেয়র ক্যারেন ব্যাসকে পরাজিত করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এই শহরের প্রথম দক্ষিণ এশীয় মেয়র হতে চলেছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নিত্যা রমনকে বিজয়ী ঘোষণা করে। এ সময় মোট ভোটের ৫২ শতাংশ পেয়েছিলেন তিনি।
৪৫ বছর বয়সী নিত্যা রমন এমন সময়ে ক্যারেন ব্যাসকে পেছনে ফেললেন, যখন বর্তমান এই মেয়রের পক্ষে ছিলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম, সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসির মতো প্রভাবশালী ডেমোক্র্যাট নেতারা।
তার নির্বাচনী প্রচারণায় সমর্থন ছিল ‘ডেমোক্র্যাটিক সোশালিস্টস অফ আমেরিকা’ (ডিএসএ)-এর। মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ডিএসএ-সমর্থিত বা তাদের সাথে যুক্ত রেকর্ডসংখ্যক প্রার্থী ফেডারেল পর্যায়ে জয়ী হয়েছেন।
গত বছর নিউইয়র্ক সিটিতেও আরেক ডেমোক্র্যাটিক সোশালিস্ট জোহরান মামদানি মেয়র নির্বাচনে জয়ী হয়েছিলেন।
ভারতে জন্মগ্রহণকারী নিত্যা রমন রাজনীতিতে আসার আগে নগর পরিকল্পনাবিদ হিসেবে কাজ করতেন। একসময় ক্যারেন ব্যাসের মিত্র থাকা নিত্যা রমন শুরুতে তার পুনর্নির্বাচনী প্রচারণাকে সমর্থন জানিয়েছিলেন। পরে তিনি নিজের অবস্থান পরিবর্তন করেন এবং প্রার্থিতা জমা দেয়ার শেষ সময়ের মাত্র কয়েক ঘণ্টা আগে মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন।
বিজয় ভাষণে রমন সাশ্রয়ী মূল্যের আবাসন ব্যবস্থার সম্প্রসারণ, অবহেলিত নগর পরিষেবাগুলোর উন্নয়ন এবং গৃহহীনদের সহায়তায় আরো বেশি মেডিক্যাল টিম মোতায়েন করার মাধ্যমে গৃহহীন সমস্যার সমাধানে ভিন্নধর্মী পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে রমনকে অভিনন্দন জানান ব্যাস। পাশাপাশি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন তিনি।
সূত্র : আল জাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








