যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ভুল ধারণার ওপর ভিত্তি করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছিলেন। এর ফলে তিনি নিজেকেই অত্যন্ত প্রতিকূল অবস্থানে ঠেলে দিয়েছেন।

Advertisement

সিএনএনের উপস্থাপক ক্রিস্টিয়ান আমানপোরকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

জন কেরি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে পরিস্থিতি এতটাই অনিশ্চিত যে, সব কিছুই ঘটতে পারে।’

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর নতুন করে সামরিক হামলা শুরু করা হলে তা হবে বড় ভুল। এতে ইরানের ওপর কোনো প্রভাব পড়বে না বা দেশটিকে আরো আন্তরিকভাবে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা যাবে না, বরং এর বিপরীত ফল হবে- ইরান আলোচনার পথ থেকে আরো দূরে সরে যাবে।

পরমাণু সমঝোতা (জেসিপিওএ) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্তের সমালোচনা করে সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন, ট্রাম্প যদি সত্যিই পরিবর্তন আনতে এবং আরো ভালো একটি চুক্তি করতে চাইতেন, তাহলে তিনি আলোচনার টেবিলে কোনো প্রস্তাব রাখেননি কেন? ইরানের প্রতিক্রিয়া জানার কিংবা নতুন করে আলোচনা শুরু করার জন্য তিনি কেন বাস্তব কোনো প্রস্তাব দেননি?

জন কেরি বলেন, গত কয়েক মাসে ট্রাম্প একের পর এক ভুল ধারণার ভিত্তিতে দ্রুত যুদ্ধে জড়িয়ে পড়েছেন। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে এবং বিশ্ব আরো বিপজ্জনক হয়ে উঠেছে।

তিনি আরো বলেন, ট্রাম্প নিজেকেই আলোচনার ক্ষেত্রে অত্যন্ত প্রতিকূল অবস্থানে নিয়ে গেছেন। তবে কেরি এখনো বিশ্বাস করেন, যুক্তরাষ্ট্র চাইলে আগের সম্পাদিত পরমাণু চুক্তির খুব কাছাকাছি কোনো সমঝোতায় আবারো পৌঁছাতে পারে।

সূত্র : পার্সটুডে