
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার মুসলিম বিশ্বে বহুল প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাসমূলক মন্তব্য করেছেন। শনিবার (১৭ অক্টোবর) জর্জিয়া অঙ্গরাজ্যের ডালটনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রচারে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের কারো নাম মনে না থাকলে ‘মোহাম্মদ’ বলে সম্বোধন করলেই নাম মিলে যাওয়ার ৬৫ শতাংশ সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “শুধু বলবেন, ‘হ্যালো মোহাম্মদ’। আমি দীর্ঘদিন ধরেই এটি করছি। আর আমার কখনো ভুল হয়নি।”
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এ মন্তব্যের সময় উপস্থিত দর্শকেরা নীরব ছিলেন। তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।
মুসলিম পরিবারগুলোতে ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর নামের সাতে মিল রেখে সন্তানদের নাম ‘মোহাম্মদ’ বা ‘মুহাম্মদ’ রাখার প্রচলন রয়েছে। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে নামটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
নির্বাচনী প্রচারে ইরান প্রসঙ্গেও কথা বলেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইরান বিশ্বের একমাত্র দেশ, যেখানে কেউ প্রেসিডেন্ট হতে চান না। এ সময় উপস্থিত কয়েকজনকে ‘মোহাম্মদ’ নামে সম্বোধন করে তাদের ইরানের প্রেসিডেন্ট হতে চান কি না, তা নিয়েও উপহাস করেন তিনি।
তবে ট্রাম্পের এ বক্তব্যের সঙ্গে ইরানের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতার অমিল রয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ২০২৪ সালের মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর অনুষ্ঠিত নির্বাচনে মাসুদ পেজেশকিয়ান প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচন সামনে রেখে জর্জিয়ায় রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচার চালান ট্রাম্প।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








