
হোয়াইটহাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেয়ার পাঁচ দিনেরও কম সময়ের মধ্যে পদ ছাড়ছেন কেটি জাকারিয়া। দায়িত্ব নেয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই অস্বস্তিতে পড়েন তিনি। ওই সংবাদ সম্মেলন নিয়ে ব্যাপক সমালোচনার পর শেষ পর্যন্ত তাঁকে পদ ছাড়তে হচ্ছে।
বিবিসি শনিবার (১৭ অক্টোবর) জানায়, শুক্রবার জাকারিয়ার পদত্যাগের বিষয়টি নিশ্চিত হয়। এর কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, তিনি জাকারিয়াকে বলেছেন, ‘তুমি যদি না চাও, তাহলে তোমাকে এ কাজ করতে হবে না।’ এমনকি তাঁকে পরামর্শ দিয়ে বলেন, ‘সত্যি বলতে, আমি তোমার জায়গায় থাকলে বিষয়টি আবারো ভেবে দেখতাম।’
মঙ্গলবার হোয়াইট হাউসে প্রথম সংবাদ সম্মেলন করেন জাকারিয়া। ১৪ মিনিটের ওই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাত্র তিনটি প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় তাঁকে বেশ অস্বস্তিতে দেখা যায়। নোটবুক থেকে লিখিত বক্তব্য পড়ে শোনানোর পাশাপাশি একপর্যায়ে নিজের স্বামীকে প্রেসিডেন্ট বলে উল্লেখ করেন তিনি।
এরপর কয়েক দিন ধরে সংবাদমাধ্যমের কঠিন প্রশ্নের মুখে পড়েন জাকারিয়া। বিশেষ করে তাঁর যোগ্যতা ও দায়িত্ব পালনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন ওঠে।
শুক্রবার মেরিন ওয়ান হেলিকপ্টারের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প তাঁর পদত্যাগের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘আমি তাঁকে বলেছিলাম, কেটি, এ কাজ কি সত্যিই তোমার জন্য? সত্যি বলতে, তোমার তো এটা করার প্রয়োজন নেই।’ সংবাদমাধ্যম তাঁর সাথে ‘বেশ খারাপ আচরণ’ করেছে বলেও মন্তব্য করেন ট্রাম্প।
জাকারিয়ার বিদায়কে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকান প্রশাসনের ব্যর্থতা হিসেবে তুলে ধরছে ডেমোক্র্যাটরা। নভেম্বরের ওই নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নির্ধারিত হবে।
প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের শীর্ষ নেতা হাকিম জেফরিস এক্সে লিখেছেন, ‘হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি চলে গেছেন। মাগা উগ্রপন্থীরা ক্রমেই ভেঙে পড়ছে।’
জাকারিয়ার আইন পেশায় কাজ করার যোগ্যতা নিয়েও বিতর্ক তৈরি হয়। ট্রাম্পসহ কয়েকজন তাঁকে আইনজীবী হিসেবে পরিচয় দিলেও তিনি যুক্তরাষ্ট্রে আইনজীবীদের বার পরীক্ষায় উত্তীর্ণ হননি বলে বৃহস্পতিবার স্বীকার করেন। এর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘আমি যখন চীনে ছিলাম।’ পরে তিনি দাবি করেন, যথাযথ যোগ্যতা নিয়েই চীনে আন্তর্জাতিক বাণিজ্য আইন নিয়ে কাজ করেছেন।
ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটি তাঁকে প্রশ্ন করেন, ‘আপনি শুধু কেন বলেননি যে আপনি কখনো আইন পেশায় কাজ করেননি?’
জাকারিয়া জানান, প্রথম সংবাদ সম্মেলনের এক সপ্তাহেরও কম আগে তাঁকে নিয়োগ দেয়া হয়েছিল। শুক্রবার ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে তিনি বলেন, আইনজীবী নন—এ কথা ট্রাম্পকে জানাননি, কারণ তাঁকে এ বিষয়ে প্রশ্ন করা হয়নি। তাঁর নিয়োগ ছিল যোগাযোগবিষয়ক দায়িত্বে, আইনি কাজে নয়।
ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক অ্যান্থনি স্কারামুচি ১০ দিনের মাথায় পদ ছাড়েন। জাকারিয়ার বিদায় ট্রাম্পের হোয়াইট হাউসের প্রেস টিমে সবচেয়ে কম সময়ের মধ্যে পদ ছাড়ার ঘটনা। শুক্রবার এক্সে স্কারামুচি লেখেন, ‘রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। তবে অন্যের কষ্টে আমি আনন্দ পাই না।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








