সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা। সংগৃহীত ছবি

বলিভিয়ার পশ্চিমাঞ্চলের একটি পাহাড়ি এলাকায় ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। সোমবার (১২ অক্টোবর) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

Advertisement

স্থানীয় সময় ভোরে রাজধানী লা পাজের পূর্বে ইরুপানা শহরের কাছে একটি কাঁচা সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর খাদে পড়ে দুমড়েমুচড়ে যাওয়া ভ্যানটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পুলিশের প্রধান কর্নেল রিকার্দো তেরাসাস বেসরকারি টেলিভিশন চ্যানেল ইউনিটেলকে বলেন, ‘এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।’

তিনি জানান, আহত চারজনকে রাজধানী লা পাজের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা  হয়েছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহতদের বেশিভাগই কাছাকাছি একটি খনিতে কাজ করতেন।

বলিভিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় এক হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়। 

বেপরোয়া গাড়ি চালানো ও যানবাহনের যান্ত্রিক ত্রুটি এসব দুর্ঘটনার প্রধান কারণ।

সূত্র : বাসস