ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ
জব্দ করা সার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়েছে। নয়া দিগন্ত
ads

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় অবৈধভাবে সার মজুতের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৫৮ বস্তা সার জব্দ করা হয়েছে। গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলার এলংজুরী ইউনিয়নের মর্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করে উপজেলা কৃষি অফিস।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে, জব্দ করা সারের মধ্যে ৮০ বস্তা ইউরিয়া, ৭৫ বস্তা ফসফেট ও তিন বস্তা এমওপি সার রয়েছে। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। পরে জব্দ করা সার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও এলংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেলের হেফাজতে রাখা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় সার মজুত রাখার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এসব সার কারা, কোথা থেকে সংগ্রহ করে এবং কী উদ্দেশ্যে মজুত করেছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কুমার হালদার বলেন, জব্দ করা ১৫৮ বস্তা সারের উৎস ও বৈধতা যাচাই করা হবে। কৃষকদের জন্য বরাদ্দকৃত সার নির্ধারিত নিয়মে বিতরণের কথা। কেউ নিয়মবহির্ভূতভাবে সার মজুত করে বা বেশি দামে বিক্রির উদ্দেশ্যে গুদামজাত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এলংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল বলেন, জব্দ করা ১৫৮ বস্তা সার তার হেফাজতে রাখা হয়েছে। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সারগুলো নিরাপদে সংরক্ষণ করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর বলেন, ‘গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫৮ বস্তা সার জব্দ করা হয়েছে। জব্দ করা সার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়েছে। অভিযানের সময় কোনো আসামিকে পাওয়া যায়নি। এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তাকে নিয়মিত মামলা করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।’