ভাটারায় কাভার্টভ্যানের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন
ভাটারায় কাভার্টভ্যানের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। প্রতীকী ছবি

রাজধানীর ভাটার থানার নতুন বাজারের ১০০ ফিট এলাকায় কাভার্টভ্যানের ধাক্কায় মো: সুমন (২২) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

Advertisement

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহত সুমন নোয়াখালী জেলার মাইজদী থানার আজিজুল্লাহপুর গ্রামের নুর নবী লিটনের ছেলে। বর্তমানে ভাটারার শাহজাদপুর এলাকায় থাকতেন।

তার ভাই মো: সুজন বলেন, আমার ভাই সেনেটারি মিস্ত্রির কাজ করে। কাজ শেষ করে তার বন্ধু রবিউলকে নিয়ে মোটরসাইকেল করে বাসায় ফেরার পথে নতুন বাজার ১০০ ফিট এলাকায় যাওয়া মাত্রই একটি কাভার্টভ্যান মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আমার ভাই ও রবিউল মোটরসাইকেল থেকে সিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢামেকে নিয়ে এলে চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন এবং জরুরি বিভাগে রবিউলের চিকিৎসা চলছে। 

তিনি আরো বলেন, আমরা পাঁচ ভাই, এক বোন। আমার ভাই ছয় মাস আগে বিয়ে করেছে। এখনো বউকে ঘরে আনা হয়নি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।