
ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ ও চট্টগ্রামের কৃতী সন্তান মরহুম শরিফ আল মোমিনের স্মরণে প্যারিসে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গার্দুনডের সুলতান ডায়িংয়ের হলরুমে চট্টগ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সভায় বক্তারা তার সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন।
স্মরণসভায় বক্তারা বলেন, শরিফ আল মোমিন ছিলেন মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ সমাজহিতৈষী ও মানবিক মানুষ। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং মানুষের কল্যাণে কাজ করাই ছিল তার জীবনের অন্যতম লক্ষ্য।
সিনিয়র সাংবাদিক এম এ হাশেমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় তার কর্মময় জীবন, সমাজের মানুষের প্রতি দায়িত্ববোধ এবং ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে তার অবদানের কথা তুলে ধরেন বক্তারা। এ সময় তার সাথে ব্যক্তিগত স্মৃতিও তুলে ধরা হয়।
বক্তারা বলেন, শরিফ আল মোমিনের বিনয়, আন্তরিকতা, সামাজিক দায়বদ্ধতা ও মানুষের প্রতি ভালোবাসা তাকে সবার কাছে আপন করে তুলেছিল। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশ তৈরিতেও তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন তারা।
মরহুমের সন্তান ইলমান শরিফ বাবার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বাবার জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং তার আদর্শ ও মানবিক কর্মকাণ্ড অনুসরণ করে এগিয়ে যাওয়ার আহবান জানান।
ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটিতে শরিফ আল মোমিনের সামাজিক কর্মকাণ্ড ও মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টি স্মরণসভায় বিশেষভাবে উঠে আসে। তার মৃত্যুতে কমিউনিটিতে তৈরি হওয়া শূন্যতার কথাও বলেন বক্তারা।
স্মরণসভায় বক্তব্য দেন আলম মেহমুদ, মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম, টিএম রেজা, মফিজ খান, জহির উদ্দিন, ওয়াহিদ তাহের, কামাল মশিউর, এনামুল হক, মাওলানা বদরুল বিন হারুন, সোহেল ইবনে হোসাইন, আব্দুস সালাম মামুন, মোহাম্মদ জিয়াউল কবির, নিয়াজ উদ্দিন চৌধুরী হিরা, মোহাম্মদ সোহরাব হোসেন সাগর, সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইন, মরহুমের সন্তান ইলমান শরিফ, সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, ইয়াসির আরাফাত খোকন, খালেদ মাহমুদ, মনোয়ার হোসেন পাটোয়ারী, মোসাদ্দেক সাইফুল ও টিটু রহমানসহ প্রমুখ।
স্মরণসভা শেষে তার রুহের শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপস্থিতরা।







