
নিজস্ব প্রতিবেদক
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির ৪২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক ফলাফলের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের জন্য ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। গতকাল সোমবার (২৩ নভেম্বর) ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মে কোম্পানির ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান কাজী হারুন অর রশিদ।
সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. এ কে এম সদরুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহেরসহ পরিচালনা পর্ষদের সদস্য, শেয়ারহোল্ডার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এজিএমে ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক হিসাব, পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং নিরীক্ষকদের প্রতিবেদন উপস্থাপন করা হয়। শেয়ারহোল্ডারদের বিস্তারিত আলোচনা ও মতামত গ্রহণের পর সর্বসম্মতিক্রমে বার্ষিক হিসাব ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদিত হয়। একই সাথে আলোচনায় শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. এ কে এম সদরুল ইসলাম।
সভায় জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব কোষাগারে আয়কর ও ভ্যাট বাবদ ২৪৮ কোটি ৭৭ লাখ ৫৭ হাজার ৬৩১ টাকা জমা দিয়েছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস। ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে দেয়া এই কর ও ভ্যাট জাতীয় অর্থনীতিতে কোম্পানিটির উল্লেখযোগ্য অবদানের প্রতিফলন।
এ ছাড়া প্রচলিত শ্রম আইন অনুযায়ী, কোম্পানির মুনাফার ৫ শতাংশ, অর্থাৎ পাঁচ কোটি ২৯ লাখ ৭৯ হাজার ৯০৪ টাকা শ্রমিক মুনাফা অংশীদারত্ব তহবিলে জমা দেয়া হয়েছে। সভায় স্পনসর পরিচালকদের মধ্য থেকে অধ্যাপক এ এন এম এ জাহের এবং অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হন।
সভায় শেয়ারহোল্ডারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিভিন্ন প্রশ্নোত্তরের মধ্য দিয়ে কোম্পানির আর্থিক কার্যক্রম, পরিচালনা এবং ভবিষ্যৎ অগ্রগতির বিষয়গুলো উঠে আসে।
সভা শেষে শেয়ারহোল্ডার, ইবনে সিনা পরিবারের সদস্য এবং দেশের জনগণের সার্বিক কল্যাণ ও কোম্পানির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে মুনাজাতের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
কোম্পানির পক্ষে নির্বাহী পরিচালক ও কোম্পানি সচিব মো: কবির হোসেন এ তথ্য জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









