
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর হাতিরঝিল এলাকায় প্রকাশ্যে দিবালোকে সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় এক কাতার প্রবাসীসহ দুই যুবক গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, কিশোর গ্যাং ও সন্ত্রাসী ‘টোকাই সুজন গ্রুপের’ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে রামপুরা ওয়াপদা রোড বাগিচারটেক এলাকার কাদিরের গ্যারেজের গলিতে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনায় গুলিবিদ্ধ সানাউল্লাহ গনি বাবু (২৫) প্রায় দুই মাস আগে কাতার থেকে দেশে ফেরেন। তার গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার গয়সা (পয়সা বাকাই) গ্রামে। তার বাবার নাম আব্দুল বারেক (বারেক শেখ)। হামলায় আহত অপর যুবক মোহাম্মদ শরীফ (২৮) পেশায় একজন অটোরিকশা চালক। তিনি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কুটুমপুকুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে সানাউল্লাহ বাবু একটি ব্যক্তিগত কাজে কাদিরের গ্যারেজে গেলে ‘টোকাই সুজন গ্রুপের’ হাসনাইন, হাসিব ও নূরুসহ তিন থেকে চারজন সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা অটোরিকশা চালক শরীফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং সানাউল্লাহ বাবুকে পিস্তল দিয়ে গুলি করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হামলার খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করে। তল্লাশি চালিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত হিসেবে দুই রাউন্ড ব্যবহৃত গুলির খোসা এবং একটি বুলেটের অংশ জব্দ করেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো: ইবনে মিজান জানান, কোপাকোপির ঘটনার সংবাদের ভিত্তিতে পুলিশ টিম ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসায় গুলির আলামত পরীক্ষার পাশাপাশি হামলায় জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারে তদন্ত কার্যক্রম চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









