ইবির লক্ষ্য অর্জনে প্রতিবন্ধকতা, করণীয় নিয়ে গ্রিন ফোরামের সেমিনার
ads

 ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে প্রতিবন্ধকতা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে সেমিনার করেছে বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন গ্রিন ফোরাম। গতকাল বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ : অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে প্রতিবন্ধকতা ও উত্তরণে করণীয়’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. কামরুজ্জামান। গ্রিন ফোরামের সভাপতি প্রফেসর ড. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মামুন আল-রশিদ, ইউট্যাব সভাপতি ড. মুহাম্মাদ সেলিম, কলা অনুষদের ডিন ড. আব্দুল্লাহ, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন ড. সিকান্দার আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সেমিনার পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর ড. ওবায়দুল ইসলাম। মূল প্রবন্ধে প্রফেসর ড. কামরুজ্জামান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পটভূমি, লক্ষ্য ও উদ্দেশ্য এবং সেগুলো বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা তুলে ধরেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ফিরিয়ে আনা, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠাকালীন পরিকল্পনা বাস্তবায়নে করণীয় বিষয়েও আলোচনা করেন তিনি।
প্রফেসর ড. আব্দুল্লাহ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, বর্তমান বিশ্ববিদ্যালয় তা থেকে অনেকটাই বিচ্যুত। জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রী। তাই বিরোধীদলের মাধ্যমে জাতীয় সংসদে বিশ্ববিদ্যালয়টিকে স্বকীয়তায় ফিরিয়ে আনার প্রস্তাব উত্থাপন করা যেতে পারে। আশা করি, সরকার এ বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখবে।
গ্রিন ফোরামের সভাপতি প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের মৌলিকত্ব ফিরিয়ে এনে মালয়েশিয়া ও পাকিস্তানের ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোর আদলে গড়ে তুলতে হবে।