
বুটেক্স প্রতিনিধি
বাংলাদেশ টেক্সটাইল বিশ^বিদ্যালয়ে (বুটেক্স) শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার ঘটনার তিন মাস পেরিয়ে গেলেও শাস্তির চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি প্রশাসন। সাময়িক বহিষ্কার থাকাকালে শাস্তিপ্রাপ্ত ছাত্রদলের পদধারী শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। এতে প্রশাসনের ভূমিকা, শাস্তি কার্যকরের দীর্ঘসূত্রতা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রভাব নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা।
গত ৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যকে কেন্দ্র করে বিশ^বিদ্যালয়ের উত্তর গেটে ৪৯তম ব্যাচের চার শিক্ষার্থীর উপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটে। ফলস্বরূপ ১৭ আগস্ট অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের সভায় ছাত্রদলের পাঁচজন কর্মীর শাস্তির সিদ্ধান্ত হয়। শাস্তিপ্রাপ্তদের মধ্যে ৪৮তম ব্যাচের শিক্ষার্থী বর্ষণ বণিক ও ৪৯তম ব্যাচের শিক্ষার্থী সৈয়দ মাজেদুল ইসলাম প্রান্তকে সাময়িক বহিষ্কার করা হয়। তারা যথাক্রমে বুটেক্স ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও দফতর সম্পাদক। এ ছাড়া ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মোহাইমিনুল হোসাইনকে ১০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা এবং ৪৯তম ব্যাচের সুমন সরকার ও দেবনাথ সৌমিক চন্দ্রকে ৫ হাজার টাকা করে জরিমানা ও মুচলেকার শাস্তি দেয়া হয়।
বিশ^বিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির ভাষ্যমতে, সাময়িক বহিষ্কার বহাল থাকাকালে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা কোনো ধরনের অ্যাকাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবে না। শাস্তিপ্রাপ্তদের কারণ দর্শানোর নোটিশের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়। তাদের জবাব পাওয়ার পর তা একটি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে সিন্ডিকেট সভায় শাস্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। বিশ^বিদ্যালয়ের ‘শৃঙ্খলা বোর্ড প্রবিধান ২০১৫’-এর ৫ নম্বর ধারা অনুযায়ী, যেকোনো মেয়াদের বহিষ্কারের সিদ্ধান্ত সিন্ডিকেটের চূড়ান্ত অনুমোদনসাপেক্ষ।
তবে সাময়িক বহিষ্কার শাস্তিপ্রাপ্ত বর্ষণ বণিক আগস্ট-সেপ্টেম্বর দুই মাস এপিলিয়ন গ্রুপ থেকে তার অ্যাকাডেমিক ইন্টার্নশিপ সম্পন্ন করেন। তার অধ্যয়নরত ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে খোঁজ নিয়ে জানা যায়, তিনি নিয়মিত থিওরি ও ল্যাব ক্লাসে অংশগ্রহণের পাশাপাশি ক্লাস পরীক্ষাও দিচ্ছেন। এমনকি আসন্ন চূড়ান্ত সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ফরম পূরণ করে তা বিভাগে জমাও দিয়েছে তিনি।
এ বিষয়ে সাংবাদিকের কাছে বর্ষণ বণিক নিজেও তথ্যগুলোর সত্যতা স্বীকার করেন।
বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইমদাদ সরকার বলেন, যেহেতু প্রক্টরিয়াল বডি শাস্তি দিয়েছে, আমাদের কাছে অভিযুক্তের ক্লাস, পরীক্ষা কিংবা টার্ম ফাইনাল পরীক্ষার ফর্ম ফিলাপ স্থগিত করার ব্যাপারে কোনো নির্দেশনা না আসায় আমরা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারিনি।
একই শাস্তিপ্রাপ্ত মাজেদুল ইসলাম প্রান্ত অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫০তম ব্যাচের সাথে রি-অ্যাড শিক্ষার্থী হিসেবে ছিলেন। তবে বিভাগ থেকে খোঁজ নিলে জানা যায়, সে কোনো ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করেননি। তবে তিনি চারটি বিষয়ে রিটেক পরীক্ষা দেয়ার জন্য ফর্ম পূরণ করেছেন।
এ বিষয়ে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কানিজ ফারহানা বলেন, প্রক্টরের সাথে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিয়ে কথা বলেছি। শাস্তিপ্রাপ্ত অবস্থায় সে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেনি। ফরম পূরণ করা বিষয়গুলোর পরীক্ষায় তাকে অংশগ্রহণ করতে দেয়া হবে না। ফর্ম পূরণ করার বিষয়টি আমাদের উপর নেই।
হামলার শিকার শিক্ষার্থীরা প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। ভুক্তভোগী ৪৯তম ব্যাচের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাইয়ান সিদ্দিকী পর্ব হতাশা প্রকাশ করে বলেন, এখন পর্যন্ত শিক্ষার্থীদের চাপ ছাড়া প্রশাসনকে কোনো কঠোর পদক্ষেপ নিতে দেখিনি। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন হবে, তা অনেকটা অনুমেয় ছিল।
একই বিভাগের ও ব্যাচের শিক্ষার্থী এস এম সাদিকুজ্জামান বলেন, আমাদের চাওয়া বেশি কিছু না, যে অপরাধ করবে সে শাস্তি পাবে-এটুকুই।
বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, সাময়িক বহিষ্কার বহাল থাকা অবস্থায় অভিযুক্তরা কোনো ধরনের অ্যাকাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। আমাদের সিদ্ধান্ত প্রতিটি বিভাগ, অনুষদ, ডিন, পরিচালক ও সংশ্লিষ্ট দফতরে পৌঁছে দেয়া হয়েছে এবং সবাই এই বিষয়ে অবগত। কেউ ফর্ম পূরণ করে থাকলেও বহিষ্কারাদেশ বহাল থাকলে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেই। এটি সংশ্লিষ্ট বিভাগ ও রেজিস্ট্রার অফিস থেকে কার্যকর করতে হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









