
ক্রীড়া প্রতিবেদক
ওয়ার্ল্ড অ্যারচারি এশিয়া ও বাংলাদেশ অ্যারচারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল ঘোষণা দিয়েছিলেন, এশিয়ান গেমসে স্বর্ণ জিতলে ১০ লাখ, রৌপ্য জিতলে পাঁচ লাখ এবং ব্রোঞ্জপদক জিতলে তিন লাখ টাকা পুরস্কার পাবেন অ্যারচাররা। কিন্তু লক্ষ্যহীন দেখা গেছে। রিকার্ভ ও কম্পাউন্ড- নারী, পুরুষ ও মিশ্র বিভাগে লড়াই করে কোনো দলই শেষ পর্যন্ত পদকের লড়াইয়ে টিকে থাকতে পারেনি। এর মধ্যে দু’টি ইভেন্টে বাংলাদেশের বিদায় হয়েছে টাইব্রেকারে। এখন ব্যক্তিগত চার ইভেন্টে লড়াইয়ের অপেক্ষা। লাখ লাখ টাকার পুরস্কার প্রণোদনাও উজ্জীবিত করতে পারেনি অ্যারচারদের। লক্ষ্যভেদের খেলায় লক্ষ্যহীন হয়ে পড়েন তীরন্দাজরা। গতকাল আইচি-নাগোয়াতে এশিয়ান গেমসে দলগত ছয়টি ইভেন্ট থেকেই বিদায় নিয়েছেন বাংলাদেশের অ্যাচাররা।
কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ইরানের বিপক্ষে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। প্রথম সেটে ৫৯-৫৭ পয়েন্টে জেতে লাল-সবুজ দল। দ্বিতীয় সেট ৫৮-৫৮ পয়েন্টে ড্র হয়। তৃতীয় সেটে বাংলাদেশ হারে ৫৬-৫৯ ব্যবধানে। চতুর্থ সেটে ৫৯-৫৮ পয়েন্টে জিতলেও দুই দলের মোট স্কোর ২৩২ এবং ২৩২। এরপর শুট-অফেও দুই দলের স্কোর ৩০-৩০। তবে ইরানের তিনটি শট ছিল এক্সে, বাংলাদেশের ছিল দু’টি। এই ব্যবধানেই পরের রাউন্ডে উঠে যায় ইরান।
নারী কম্পাউন্ড দলগত ইভেন্টে কাজাখস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথম সেট ৫৫-৫৫ পয়েন্টে ড্র হয়। দ্বিতীয় সেটে ৫৬-৫৭ ব্যবধানে হারলেও তৃতীয় সেটে ৫৭-৫৯ পয়েন্টে জিতে লড়াইয়ে ফেরে বাংলাদেশ। কিন্তু চতুর্থ সেটে ৫৮-৬০ পয়েন্টে হেরে যায় দলটি। শেষ পর্যন্ত ২২৯-২২৮ পয়েন্টের ব্যবধানে ম্যাচ হারে বাংলাদেশ। ফলে কম্পাউন্ড নারী ও পুরুষ, দুই দলই প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়।
রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে আবদুর রহমান আলিফ ও মনিরা আক্তার জুটি থাইল্যান্ডকে ৬-০ সেটে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠে। তবে পরের রাউন্ডে স্বাগতিক জাপানের কাছে ৫-১ ব্যবধানে হেরে বিদায় নেয় বাংলাদেশ। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ইরানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেখানে ১৫৮-১৫৪ পয়েন্টে হেরে যায় লাল-সবুজ দল। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টেও ইরানের কাছে হেরে বিদায় নেয় বাংলাদেশ। রিকার্ভ নারী দলগত ইভেন্টে জাপানকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইন্দোনেশিয়ার কাছে ৫-৩ ব্যবধানে হারে দলটি।
দলগত ইভেন্ট শেষ হলেও ব্যক্তিগত চার বিভাগে বাংলাদেশের লড়াই বাকি। ছেলেদের কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে আজ রাউন্ড অব ৩২-এ নামবেন হিমু বাছাড় ও নেওয়াজ আহমেদ রাকিব। হিমুর প্রতিপক্ষ কাজাখস্তানের আন্দ্রেই তাইয়ুতাইয়ুন, আর রাকিব খেলবেন ইরানের মিলাদ রশিদিদির বিপক্ষে। মেয়েদের কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে কুলসুম আক্তার মনির প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার নিনো বনিতা প্যারেইরা। বন্যা আক্তার লড়বেন ইরানের গিসা বাইবরদির বিপক্ষে।








