জাপানের কাছে হেরে কাবাডির পদক অনিশ্চিত

 ক্রীড়া প্রতিবেদক
পরশু তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপের বিপক্ষে জয়। যা ২০০৬ সালের পর ফের এশিয়ান গেমস পুরুষ কাবাডিতে পদক জয়ের আশা জাগিয়েছিল বাংলাদেশের। এ জন্য গতকাল জাপানের বিপক্ষে জিতলেই হতো। তাহলে সেমিতে খেলা নিশ্চিত হতো এবং বাংলাদেশেরও পদক জয় হতো। কিন্তু এই ম্যাচে হেরে যায় বাংলাদেশ দল। প্রথমার্ধে পিছিয়ে পড়া  মিজানুর রহমানরা দ্বিতীয়ার্ধে ঘুরেও দাঁড়ায়। কিন্তু  শেষ রক্ষা হয়নি। ৩৭-৪০ পয়েন্টে হেরে আবদুল জলিল ও বাদশা মিয়ার দলকে এখন সমীকরণের অপেক্ষায় থাকতে হচ্ছে। আজ বাংলাদেশের ম্যাচ ভারতের বিপক্ষে। এ ম্যাচে জয়ের সম্ভাবনা নেই- এটিই বাংলাদেশের শেষ ম্যাচ। তবে এখনৈঅ জাপানের দু’টি ম্যাচ বাকি। তা চাইনিজ তাইপে ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। বাংলাদেশ দলকে এখন এই ম্যাচগুলোর রেজাল্টের দিকে তাকিয়ে থাকতে হবে। সেখানে ম্যাচ ড্র হলে এবং জাপান , কোরিয়া ও তাইপের পয়েন্ট যদি বাংলাদেশের চেয়ে কম হয় তাহলেই সেমিতে উঠবে বাংলাদেশ। নিশ্চিত হবে পদকও। 
কাল নাগোয়াতে বাংলাদেশ দল প্রথমার্ধেই পিছিয়ে পড়ে। জাপান বিরতিতে যায় ২২-১৫ পয়েন্টে এগিয়ে থেকে। এরপর লাল-সবুজরা বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করলেও জিততে পারেনি। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ দল ২২-১৮তে লিড নিলেও প্রথমার্ধের ৭ পয়েন্টের গ্যাপ আর পূরণ হয়নি। ফলে হেরে পড়ে গেছে পদক জয়ের মিশনে গভীর অনিশ্চয়তায়। 
কাল নারী কাবাডি দলও হতাশ করেছে। তারা কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি ইরানের সাথে। ১৯-৫৪ পয়েন্টে হেরেছে ইরানের সাথে।
বক্সিংয়ে ৫৫ কেজিতে বাংলাদেশের উৎসব আহমেদ ৫-০ পয়েন্টে হারিয়েছেন ভুটানের মিগমা দর্জিকে। পুরুষ বিচ ভলিবলে ইরানের কাছে ০-২ সেটে হার বাংলাদেশের। টিটির মিশ্র দ্বৈতে বাংলাদেশ হারিয়েছে লাওসকে। মোহতাসিম হৃদয় ও নওরিন মাহি ৩-১ এ হারান পিরিচায়ান ও ভিতিরভিরিয়াগুলকে। শুটিংয়ে  ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দ্বৈতে বাংলাদেশের রবিউল ইসলাম টমাস ও মেহনাজ শারমিন ফাইনালে উঠতে পারেননি। ৬১৭.৭ স্কোর করে ১২তম হয়েছেন তারা।