
রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখা লক্ষ্য করে দু’টি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে মহানগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পেট্রোল বোমা দু’টি ব্যাংকের জানালায় আঘাত হেনে বিস্ফোরিত হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা গ্রামীণ ব্যাংকের পারিলা শাখা লক্ষ্য করে পরপর দু’টি পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমা দু’টি ব্যাংকের জানালায় আঘাত হেনে বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, রাত আনুমানিক ১টার দিকে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় দু’টি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কারা এবং কী উদ্দেশ্যে ব্যাংকটি লক্ষ্য করে এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









