অনুশীলনে সবাইকে পেয়ে খুশি ডুলি

ক্রীড়া প্রতিবেদক
 প্রথম আসিয়ান কাপ খেলতে সবার আগেই  ইন্দোনেশিয়া গেছে বাংলাদেশ দল। তবে দলের সব সদস্যকে নিয়ে যেতে পারেননি কোচ টমাস ডুলি। ইউরোপ ও আমেরিকায় থাকায় হামজা চৌধুরী ও শমিত শোম পরে যোগ দিয়েছেন দলের সাথে। পরশু দলের সাথে যোগ দেন হামজা চৌধুরী। সে দিনই ইন্দোনেশিয়ায় আসার কথা ছিল শমিতের। কিন্তু জাপানের ঘর্ণিঝড়ের কারণে ফ্লাইটের রুট বদল করতে হয় শমিতকে বহনকারী বিমানকে। ফলে তিনি গতকাল সকালে দলের সাথে যোগ দেন। এর আগে পরশু তিন জাকার্তায় পৌঁছান ইংল্যান্ড প্রবাসী ফারহান আলী ওয়াহিদ। গতকাল দলের সাথে যোগ দিয়েছেন মোহাম্মদ  সোহেল রানাও। ভিসা জটিলতায় তার পৌঁছাতে দেরি হয়। ফলে গতকালের ট্রেনিং সেশনে সবাইকে পেয়ে দারুণ খুশি কোচ টমাস ডুলি। জানান, খুব ভালো লাগছে অনুশীলনে সবাইকে পেয়ে। যদিও মোরসালিনের কিছু সমস্যা আছে। আশা করি আগামীকাল (আজ) সে দলের সাথে অনুশীলন করবে।
কানাডা প্রবাসী শমিত শোম খেলেন যুক্তরাষ্ট্রের কসমস ক্লাবে। সেখান থেকে দীর্ঘ ভ্রমণ শেষে ইন্দোনেশিয়ায় পৌঁছেই অনুশীলনে যোগ দেন। এরপর জানান, ‘খুব ভালো লাগছে সবাইকে ফের এক সাথে পেয়ে। আবার সবার সাথে দেখা হলো।’ এরপর এই মিডফিল্ডার উল্লেখ করেন, ‘ফিফা আসিয়ান কাপ উঁচু স্তরের একটি টুর্নামেন্ট। ফুটবলাররা মুখিয়ে আছে এই টুর্নামেন্টে ভালো করতে।’ তার মতে এবার টিমটাকে বেশ শক্তিশালী মনে হচ্ছে। আরো দুই দিন আছে প্রস্তুত হওয়ার জন্য। এই উঁচু স্তরের আসরে আমরা ভালো করতে চাই। আমাদেরও প্রমাণ করার সুযোগ এই টুর্নামেন্টে ভালো করার।
আসরে ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে মালয়েশিয়ার সাথে।