
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চতুর্থ পরিচালনা পর্ষদ সভায় বেশ কিছু যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভার্চুয়ালি অনুষ্ঠিত এই সভায় ঘরোয়া ক্রিকেটের কাঠামো পুনর্গঠন, ক্রিকেটারদের ম্যাচ ফি বৃদ্ধি এবং স্টেডিয়ামের আধুনিকায়নে বেশ কিছু অনুমোদন দিয়েছে তামিম ইকবালের বোর্ড। সভা শেষে বিসিবির মিডিয়া বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড সভায় গৃহীত প্রধান সিদ্ধান্তগুলো সম্পর্কে অবহিত করেছে।
সাতটি মূল সিদ্ধান্ত
১. ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বৃদ্ধি (পুরুষ) : বিসিবির ঘরোয়া প্রতিযোগিতায় পুরুষ ক্রিকেটারদের সংশোধিত ম্যাচ ফি অনুমোদন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে চার দিনের ম্যাচে দেড় লাখ টাকা, এক দিনের (লিস্ট-এ) ম্যাচে এক লাখ টাকা, টি-২০ তে ৮০ হাজার টাকা এবং এনসিএলের দ্বিতীয় একাদশের ক্রিকেটাররা ম্যাচপ্রতি ১৫ হাজার টাকা করে পাবেন।
২. নারী ক্রিকেট ও অনূর্ধ্ব-১৯ খেলোয়াড়দের ভাতা : নারীদের ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়িয়ে তিন দিনের ম্যাচে ৪০ হাজার, এক দিনের ম্যাচে ৩০ হাজার এবং টি-২০তে ২০ হাজার টাকা করা হয়েছে। পাশাপাশি অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের দৈনিক ভাতা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার সিদ্ধান্ত হয়েছে।
৩. নতুন ঘরোয়া প্রতিযোগিতা ও করপোরেট স্বত্ব : একক কাঠামোর অধীনে ছয় দলের একটি নতুন ঘরোয়া প্রতিযোগিতা চালুর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এখানে চার দিনের (ফার্স্ট ক্লাস), লিস্ট-এ, টি-২০সহ তিনিটি ফরম্যাটই থাকবে। প্রাথমিকভাবে তিন বছরের জন্য বাংলাদেশের প্রতিষ্ঠিত ও স্বনামধন্য করপোরেট এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ফ্র্যাঞ্চাইজি বা মালিকানা স্বত্ব দেয়া হবে। ২০২৬ সালের ডিসেম্বরে এই ফ্র্যাঞ্চাইজি টি-২০ আসর মাঠে গড়াবে।
৪. মিরপুরে অ্যাথলেটিক রানিং ট্র্যাক : ক্রিকেটারদের শারীরিক ফিটনেস ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের জন্য ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) মাঠে ৩ লেনের একটি বিশেষায়িত ও আইএএএফ অনুমোদিত রানিং ট্র্যাক নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে।
৫. নতুন বিকল্প ড্রেসিং রুম ও সুযোগ-সুবিধা : মিরপুর স্টেডিয়ামে দুটি নতুন ড্রেসিং রুম নির্মাণের অনুমোদন দিয়েছে। এছাড়া চান্দু স্টেডিয়াম ও মিরপুর স্টেডিয়ামের সুযোগ-সুবিধার উন্নয়নে সিদ্ধান্ত হয়েছে।







