মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলা
মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলা। সংগৃহীত
ads

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় ম্যাগওয়ে অঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি গ্রামের স্কুলে দেশটির সামরিক জান্তা বাহিনীর বিমান হামলায় একটি দুগ্ধপোষ্য শিশু ও বেশ কয়েকজন স্কুলশিক্ষার্থীসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। 

শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় এক প্রত্যক্ষদর্শী এবং দেশটির বিরোধী জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ম্যাগওয়ে অঞ্চলের সিনবাউংওয়ে টাউনশিপের একটি স্কুল ও বৌদ্ধ মঠ প্রাঙ্গণে এ হামলা চালানো হয়। হামলার সময় সেখানে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল।

এনইউজি এবং বিরোধী জোটভুক্ত স্থানীয় প্রশাসন ‘ম্যাগওয়ে ফেডারেল ইউনিট গভর্নমেন্ট’-এর এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, সামরিক বাহিনী ওই হামলায় ৫০০ পাউন্ড ওজনের চারটি বিমান বোমা, ১২টি আর্টিলারি শেল এবং সাতটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে।

এনইউজির মুখপাত্র নে ফোন লাত ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নিহত ৩০ জনের মধ্যে নারী, শিশু ও স্কুলশিক্ষার্থীসহ ২০ জনেরও বেশি বেসামরিক নাগরিক রয়েছেন। এছাড়া হামলায় নয়জন বিদ্রোহী যোদ্ধাও প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, হামলার সময় ওই এলাকায় কোনো সশস্ত্র সংঘর্ষ চলছিল না; কেবল মাঝেমধ্যে বিদ্রোহী যোদ্ধারা গ্রামটিতে যাতায়াত করতেন।

বিরোধী কর্তৃপক্ষ এ নৃশংস হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যায়িত করে মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর আন্তর্জাতিকভাবে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহের নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর মিয়ানমার গণহত্যা চালিয়েছিল বলে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেয়ার ঠিক এক সপ্তাহ পরই এ প্রাণঘাতী বিমান হামলার ঘটনা ঘটল।

সূত্র : রয়টার্স