‘নতুন সিনেমা আবার দেখা হলে’তে দীপা খন্দকার
ads

নাটকের পাশাপাশি  এখন গল্প এবং চরিত্র ভালোলাগলে সিনেমাতেও অভিনয় করছেন এই সময়ের অন্যতম ব্যস্ততম এবং জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। মুক্তির প্রতীক্ষায় থাকা দুই সিনেমার গুণী এই অভিনেত্রী বর্তমানে নতুন সিনেমা ‘আবার দেখা হলে’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। বলা যায় এই মাসের প্রায় পুরোটা সময় তিনি ব্যস্ত ছিলেন তার নতুন সিনেমা ‘আবার দেখা হলে’র কাজ নিয়ে। কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে শুটিং চলমান এই সিনেমার জন্য কখনো তাকে টানা দু’দিন আবার কখনো টানা তিন দিন শুটিং করে ঢাকায় ফিরে অন্য নাটকের শুটিংয়ে অংশ নিয়ে আবার ছুটে যেতে হচ্ছে কুষ্টিয়াতে। যদিও দীপার আজ জন্মদিন কিন্তু জন্মদিনেও তার কুষ্টিয়াতে থাকার কথা ছিল। তবে কয়েক দিন আগে বৃষ্টি হওয়ার কারণে শিডিউল একটু এদিকে-ওদিক করা হয়েছে। যে কারণে দীপার জন্মদিনে তাকে আর শুটিংয়ে অংশ নিতে হচ্ছে না। দীপা জানান, আজকের দিনের প্রায় পুরোটা সময়ই তিনি পরিবারের সাথে কাটাবেন। অংশগ্রহণ করবেন চ্যানেল আইয়ের আজকের দুপুরের সরাসরি অনুষ্ঠানে। দীপা খন্দকার বলেন, ‘জন্মদিনের আগে জানতাম যে জন্মদিনটিতে কুষ্টিয়াতে থাকতে হবে। মানসিকভাবে সেরকম প্রস্তুতিই ছিল আমার। কিন্তু বৃষ্টির কারণে শিডিউল একটু চেঞ্জ হয়েছে। তাতে আমার জন্মদিনটি শুটিংবিহীন হয়ে যায়। আমার জন্যও ভালো হলো। পরিবার চায় অন্তত বছরের এই দিনটিতে যেন তাদের কাছে থাকি, তাদের সাথে থাকি। আল্লাহ তাই করেছেন, আসলে আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। আলহামদুলিল্লাহ। যাই হোক, নতুন সিনেমা আবার দেখা হলে’র কাজ শুরু করেছি বেশ কিছু দিন হলো। সিনেমাটিতে আমি ছোট মায়ের চরিত্রে অভিনয় করছি। খুব সুন্দর গল্পের সিনেমা, আপাতত শুধু এতটুকুই বলতে পারছি। আর কাজ করে তো ভীষণ ভালো লাগছে, ভীষণ গোছানো-পরিপাটি ইউনিট। এই সিনেমা নিয়ে ভীষণ প্রত্যাশা আমার। জন্মদিনে সবার কাছে দোয়া চাই যেন সুস্থ থাকি ভালো থাকি, আর আরো ভালো গল্পের নাটক-সিনেমাতে যেন অভিনয় করতে পারি। আমি আমার অভিনয় জীবন নিয়ে, অভিনয়ের জন্য প্রাপ্তি নিয়ে ভীষণ সন্তুষ্ট। ছোট্ট এই জীবনে এত এত মানুষের ভালোবাসা পাবো, এত মানুষ আমার আবেগে আবেগাপ্লুত হবেন তা কল্পনাতেও ছিল না। যে কারণে সবসময়ই দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’ দীপা জানান, এরই মধ্যে মহিদুল মহিমের একটি নাটকের কাজ শেষ করেছেন তিনি। 
এতে আরো অভিনয় করেছেন পলাশ, পারসা ইভানা, মনিরা মিঠু প্রমুখ। এছাড়াও আগামী ২৯, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর কুষ্টিয়ায় শুটিং করে ঢাকায় ফিরে তিনি মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রচার চলতি  ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিক নাটকের শুটিং করবেন। এছাড়াও প্রচার চলতি ধারাবাহিক নাটক হাসান রেজাউলের ‘বকুলপুর সিজন থ্রি’, রাফাত মজুমদার রিংকুর একটি খণ্ড নাটকসহ আরো কয়েকটি কাজ করবেন ২০ ডিসেম্বর পর্যন্ত। অন্যদিকে দীপা অভিনীত ‘হাঙ্গর’ ও ‘ঋতুকামিনী’ সিনেমা দুটি রয়েছে মুক্তির অপেক্ষায়।