গুরপতবন্ত সিং পান্নুন, অজিত দোভাল ও সামন্ত গোয়েল
গুরপতবন্ত সিং পান্নুন, অজিত দোভাল ও সামন্ত গোয়েল। সংগৃহীত ছবি
ads

শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা একটি মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল ও দেশটির গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলের বিরুদ্ধে সমন জারি করেছে যুক্তরাষ্ট্র। এ সমন পাঠানোর জন্য দিল্লির তিনটি আদালতের সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত।

সম্প্রতি নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের জেলা আদালতের বিচারক ক্যাথরিন পোল্ক ফেইলা নির্দেশ দিয়েছেন। 

আদালতের নির্দেশ অনুযায়ী, অজিত দোভালের কাছে সমন পৌঁছে দেয়ার প্রক্রিয়ায় সহযোগিতার জন্য দিল্লির পাতিয়ালা হাউস জেলা আদালতকে অনুরোধ জানানো হয়েছে। অন্যদিকে, সামন্ত গোয়েলের কাছে সমন পৌঁছানোর জন্য দ্বারকা এবং তিস হাজারি জেলা আদালতের সাহায্য চেয়েছে মার্কিন আদালত। শুধু তা-ই নয়, এই আইনি নথিগুলো পৌঁছে দেয়ার ক্ষেত্রে কী কী পদক্ষেপ করা হয়েছে, তার একটি লিখিত নথি বা রেকর্ড জমা দেয়ার জন্যও ভারতীয় আদালতগুলোকে অনুরোধ করা হয়েছে। 

সাধারণ কূটনৈতিক ও আইনি পথে সমন পাঠাতে ব্যর্থ হওয়ার পরেই মার্কিন আদালত এই বিকল্প পথ বেছে নিয়েছে। 

মার্কিন আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, হেগ কনভেনশনের অধীনে ভারতের নির্ধারিত কেন্দ্রীয় কর্তৃপক্ষ অর্থাৎ কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রণালয়ের মাধ্যমে এই নথিগুলো পাঠানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা সফল হয়নি। এরপরই আদালত হেগ কনভেনশনের ১৯ নম্বর অনুচ্ছেদ এবং ভারতের দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সমন পাঠানোর এই বিকল্প পদ্ধতির অনুমতি দেয়। 

ভারতের দেওয়ানি কার্যবিধি অনুযায়ী, কেন্দ্রীয় সরকার স্বীকৃত নির্দিষ্ট কিছু বিদেশী দেওয়ানি আদালতের জারি করা সমন ভারতীয় আদালতে পাঠানো যায় এবং দেশীয় আইনি প্রক্রিয়ার নিয়ম মেনেই তা বিবাদীদের কাছে পৌঁছে দেয়া যায়।

২০২৪ সালে আমেরিকায় পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে দোভাল, গোয়েল এবং অন্যান্য ভারতীয় আধিকারিকরা জড়িত রয়েছেন। এই অভিযোগ তুলে মামলাটি দায়ের করেছিলেন পান্নুন নিজেই। তার বিরুদ্ধে ভারতে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)-এর জেনারেল কাউন্সিল এবং বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগ রয়েছে।

আদালতের নথি অনুযায়ী, পান্নুন এর আগে দাবি করেছিলেন যে অজিত দোভাল যখন আমেরিকা সফরে গিয়েছিলেন, তখন তিনবার তার হাতে সমন তুলে দেয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু নিরাপত্তারক্ষীদের বাধায় তা সম্ভব হয়নি। পরবর্তীতে ভারতের আইন ও বিচার মন্ত্রণালয়ের মাধ্যমে দোভাল, গোয়েল ও অন্যান্য বিবাদীদের কাছে সমন পাঠানোর চেষ্টাও ব্যর্থ হয়। গত মাসেও সমন পৌঁছে দেয়ার চেষ্টা করে মার্কিন আদালত। এরপর গত ১৩ নভেম্বর ক্যাথরিন পোল্ক ফেইলা নির্দেশ জারি করে দিল্লির আদালতগুলোর সহায়তা চান। 

তবে পান্নুনের অভিযোগ ও মামলাকে ‘ভিত্তিহীন ও বিদ্বেষপ্রসূত’ বলে প্রত্যাখ্যান করেছে ভারত সরকার। গত ১০ নভেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, ভারতে বিচারিক নথি বা সমন পাঠানোর অনুরোধ দেশটির নির্ধারিত কেন্দ্রীয় কর্তৃপক্ষ—আইন ও বিচার মন্ত্রণালয়ের মাধ্যমেই করতে হবে।

একই ঘটনায় ভারতীয় নাগরিক নিখিল গুপ্তা ও সাবেক ‘র’ কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে যে ফৌজদারি কার্যক্রম চলছে, পান্নুনের করা দেওয়ানি মামলাটি তার থেকে আলাদা। 

সূত্র : দ্য ওয়াল