মণিপুর, বিষাক্ত, মদ, ভারত,
মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং (মাঝে) হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীকে দেখছেন। আল জাজিরা
ads

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে বিষাক্ত মদপানে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই শতাধিক মানুষ। তাদের মধ্যে অন্তত ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। গত ৪৮ ঘণ্টায় একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে। অবৈধভাবে বিক্রি হওয়া বিষাক্ত মদ পান করেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আল জাজিরা ও এনডিটিভি শনিবার (২১ নভেম্বর) এ খবর জানায়। আল জাজিরার প্রতিবেদনে শুক্রবার পর্যন্ত ১১ জনের মৃত্যুর কথা বলা হয়েছিল। অন্যদিকে, এনডিটিভির সর্বশেষ হিসাবে মৃতের সংখ্যা বেড়ে ১৪ হয়েছে। হাসপাতালগুলোতে চিকিৎসাধীন মানুষের সংখ্যাও ১৮০ থেকে বেড়ে দুই শতাধিক হয়েছে।

মণিপুরের চন্দেল জেলার চাকপিকারং এলাকায় এ ঘটনা ঘটে। রাজ্যটির রাজধানী ইম্ফল থেকে এলাকাটির দূরত্ব প্রায় ৭৫ কিলোমিটার। মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং শুক্রবার দুটি হাসপাতাল পরিদর্শন করে রোগীদের খোঁজখবর নেন। তখন তিনি জানিয়েছিলেন, লামফেলপাটের শিজা হাসপাতালে ১৪০ জন এবং সাজিওয়ার বাবিনা হাসপাতালে ৪১ জন ভর্তি ছিলেন। পরে চিকিৎসাধীন মানুষের সংখ্যা আরো বেড়ে যায়।

মুখ্যমন্ত্রী এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সাথে হাসপাতালে ভর্তি রোগীদের সর্বোচ্চ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে। প্রয়োজনীয় ওষুধসহ জেনারেল মেডিসিন বিশেষজ্ঞের নেতৃত্বে একটি চিকিৎসক দল চন্দেল জেলায় পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে শাস্তি দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

এদিকে বিষক্রিয়ায় মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো চিকিৎসাবিজ্ঞান ও বৈজ্ঞানিক পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে চন্দেলের জেলা প্রশাসন। বিষয়টি তদন্তাধীন। জেলা পুলিশ সুপারের এক বিবৃতিতে বলা হয়েছে, মৃত ও অসুস্থ ব্যক্তিরা যে মদ পান করেছিলেন, তা কাকচিং জেলার সুগনু থেকে আনা হয়েছিল। চন্দেল জেলায় ওই মদ তৈরি বা প্রস্তুত করা হয়নি। জেলাটিতে স্থানীয়ভাবে ঐতিহ্যবাহী মদ তৈরিরও কোনো তথ্য পুলিশের জানা নেই।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অবৈধ মদের ব্যবসা লাভজনক একটি শিল্প। বৈধ ব্র্যান্ডের মদ কেনার সামর্থ্য নেই, এমন দরিদ্র মানুষ এর ক্রেতা। মদের নেশার মাত্রা বাড়াতে বিক্রেতারা নিয়মিত বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করেন। এসব রাসায়নিকের মধ্যে মিথানল অন্যতম। মাত্র ৬০ মিলিলিটার মিথানলও প্রাণঘাতী হতে পারে। অনিয়ন্ত্রিতভাবে তৈরি মদে ব্যাটারির অ্যাসিড পাওয়ার ঘটনাও ঘটেছে। ২০২০ সালে পাঞ্জাবে বিষাক্ত মদপানে অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছিল।

এদিকে চন্দেলের জেলা প্রশাসন সতর্কতামূলক নির্দেশনায় জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থানীয়ভাবে তৈরি বা সন্দেহজনক উৎসের মদ পান করা থেকে বিরত থাকতে হবে। মদপানের পর বমি, পেটব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে। একই উৎসের মদ পান করেছেন, এমন ব্যক্তিদের উপসর্গ না থাকলেও চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।

সন্দেহজনক মদ তৈরি, মজুত, বিক্রি বা সরবরাহের তথ্য নিকটস্থ থানায় জানানোর আহ্বান জানিয়েছে প্রশাসন। কর্তৃপক্ষকে না জানিয়ে এসব মদ পান, বিক্রি, অন্যকে দেয়া কিংবা ফেলে না দিতেও সতর্ক করা হয়েছে। পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন যৌথভাবে তদন্ত ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে। চন্দেল পুলিশ এ কাজে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, নারী সংগঠন ও যুব সংগঠনগুলোর সহযোগিতা চেয়েছে।