
আগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম ভূঁইয়া বলেন, ‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না। গত ১৭ বছর ফ্যাসিস্ট আমলে অনেক শিক্ষক জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। আবার যেসব শিক্ষক ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করেছেন, তাদের প্রমাণসহ তালিকা দেবেন। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আমরা কারও ওপর জুলুম বা অন্যায় করতে চাই না। তবে আমাদের দুর্বল মনে করলে ছেড়েও দেবো না।’
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটকের প্রসঙ্গ টেনে সেলিম ভূঁইয়া বলেন, ‘তাকে আটকের পর অনেকেই সমালোচনা করছেন। একজন বয়স্ক মানুষকে আটক করা নিয়ে প্রশ্ন তুলছেন। অথচ বিএনপি নেতা এম কে আনোয়ারকেও ৮৬ বছর বয়সে আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে। তাকে ধরে ধরে আদালতে নেয়া হতো, এমনকি হ্যান্ডকাফও পরানো হয়েছিল।’
নিজের রাজনৈতিক জীবনে নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘তাকেও হ্যান্ডকাফ পরিয়ে টেনেহিঁচড়ে আদালতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে ৪০টি মামলা ছিল। পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশের মাধ্যমে তাকে তুলে নেয়া হয়েছিল। এমনকি যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় বাসে আগুন দেয়ার অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছিল। এসব অভিজ্ঞতা তারা ভুলে যাননি। তবে তারা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করতে চান না।’
কাউকে দুর্বল ভাবার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো: আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লাহ মজুমদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো: জাকির হোসেন।
সম্মেলন পরিচালনা করেন বাকশিসের সম্পাদক অধ্যক্ষ মো: আব্দুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহার দোলন ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো: নেছার আহমেদ রাজু।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









