
ভারতের আসামে মুসলিম বিয়ে নিয়ে নতুন নিয়ম কার্যকরের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। মুসলিম বিবাহের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা ও বাল্যবিবাহ রোধের লক্ষ্যে এই নিয়ম কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টম্বর) দেশটির একটি সংবাদমাধ্যম জানিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুযায়ী- রাজ্যে মুসলিম বিবাহ ও বিবাহবিচ্ছেদের রেজিস্ট্রেশন সংক্রান্ত ২০২৪ সালের আইন অনুযায়ী এবার নিয়ম কার্যকর করা হয়েছে।
আসাম সরকারের আইনটির সরকারি নথিতেও মুসলিম বিবাহ ও বিবাহবিচ্ছেদের বাধ্যতামূলক রেজিস্ট্রেশনের কথা উল্লেখ রয়েছে।
নতুন ব্যবস্থায় মুসলিম বিবাহের রেজিস্ট্রেশন সরকারিভাবে স্বীকৃত রেজিস্ট্রারের মাধ্যমে করতে হবে। এর ফলে শুধুমাত্র ধর্মীয় রীতিতে বিবাহ সম্পন্ন করে সরকারি রেকর্ডের বাইরে রাখার সুযোগ কমবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
আইনে বিয়ের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বয়সের বিষয়টিকেও গুরুত্ব দেয়া হয়েছে। ১৮ বছরের কম বয়সী কারো বিয়ে রেজিস্ট্রেশন করা যাবে না। সরকারের বক্তব্য, এর মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনিক নজরদারি আরো শক্তিশালী করা যাবে।
২০২৪ সালে আসাম বিধানসভায় ‘দ্য আসম কমপালসরি রেজিস্ট্রেশন অব মুসলিম ম্যারেজেস অ্যান্ড ডিভোর্সেস অ্যাক্ট’ পাস হয় এবং একই বছরের অক্টোবরে রাজ্যপালের সম্মতি পাওয়ার পর তা আইনে পরিণত হয়।
আসাম সরকারের রেজিস্ট্রেশন দফতরের তথ্য অনুযায়ী, রাজ্যে বিবাহ রেজিস্ট্রেশনের জন্য নির্দিষ্ট সরকারি প্রক্রিয়া রয়েছে এবং বিশেষ বিবাহ আইনেও রেজিস্ট্রেশনের ব্যবস্থা রয়েছে।








