
ইসলাম ধর্মের প্রতি মুগ্ধ হয়ে মুসলিম হয়েছেন কোরিয়ান তরুণী কিম ছি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত মসজিদে সিরাতুল মুস্তাকিম আনসানে আনুষ্ঠানিকভাবে তিনি ইসলামে প্রবেশ করেন।
ওই মসজিদের ইমাম ও খতিব বাংলাদেশী আলেম মুফতি ফয়জুল্লাহ আমানের কাছে শাহাদাহ পাঠ করেন কিম ছি। এরপরই ওই ইমামের পরামর্শে তিনি নিজের নতুন নাম দেন আয়েশা।
এ প্রসঙ্গে মুফতি ফয়জুল্লাহ আমান তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আজ কিছুক্ষণ আগে আনসান মসজিদে এক কোরিয়ান তরুণী ইসলাম গ্রহণ করেছেন। তিনি তার এক বন্ধুর সাথে মসজিদে ঘুরতে এসেছিলেন। খুব সংক্ষেপে আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সা: এবং ইসলামের মৌলিক পরিচয় তুলে ধরলাম। তিনি কিছু প্রশ্ন করলেন। প্রশ্নগুলোর উত্তর জানার পর কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করেন। তার ইসলামী নাম রাখা হয়েছে আয়েশা।’
তিনি আরো লেখেন, ‘ইসলাম প্রকৃতিগতভাবেই সরল ও সহজাত ধর্ম। অথচ ভুল ধারণা ও অপপ্রচারের কারণে অনেক অমুসলিম ইসলামকে ভয় পান। সুন্দর আচরণ, আন্তরিকতা ও সহজ ভাষায় ইসলামের প্রকৃত পরিচয় তুলে ধরলে সেই ভয় ও ভুল ধারণা দূর করা সম্ভব।’
বাংলাদেশী ওই আলেম লেখেন, ‘কোরিয়ার মাটিতে ইসলামের দাওয়াহর এমন সুন্দর মুহূর্তগুলো আমাদের অনুপ্রাণিত করে। আল্লাহ তাআলা আমাদের নবমুসলিম বোন আয়েশাকে ঈমানের ওপর অটল রাখুন এবং তার জীবনকে শান্তি ও কল্যাণে পরিপূর্ণ করুন। আমিন।’








