চরমোনাইর মরহুম পীর সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম রহ: ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক
চরমোনাইর মরহুম পীর সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম রহ: ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সংগৃহীত
ads

চরমোনাইর মরহুম পীর সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম রহ:-এর ২০তম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে ফেসবুকে একটি লেখা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বুধবার সন্ধ্যায় প্রকাশিত লেখাটি নয়া দিগন্ত পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো—

‘স্মরণে অমলিন হযরত সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম (পীর সাহেব চরমোনাই) রহমাতুল্লাহি আলাইহি

পীর সাহেব চরমোনাই রহ. ছিলেন এ দেশের দ্বীনি অঙ্গন ও ইসলামী রাজনীতির এক সুপরিচিত ব্যক্তিত্ব। ১৯৩৫ সালে বরিশালের চরমোনাইয়ে জন্মগ্রহণ করেন তিনি। শৈশবেই পিতা হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ ইসহাক রহ.-এর কাছে দ্বীনি শিক্ষার হাতেখড়ি। পরবর্তীতে ঢাকার জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগে অধ্যয়ন করেন এবং ১৯৫৭ সালে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। তাঁর শিক্ষকদের অন্যতম ছিলেন আমার আব্বাজান শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.। তিনি ছিলেন শায়খুল হাদীস রহ.-এর গুরুত্বপূর্ণ ছাত্রদের একজন।

আরো পড়ুন : আরো কমলো স্বর্ণের দাম

দ্বীনি শিক্ষা ও ইসলামী আদর্শের প্রতি গভীর দায়িত্ববোধ থেকে তিনি জীবনের বিভিন্ন পর্যায়ে দ্বীনি খেদমত, আধ্যাত্মিক সাধনা ও ইসলামী আন্দোলনে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। ১৯৫৭ সালে দাওরায়ে হাদিস সম্পন্ন করার পর চরমোনাই মাদরাসায় হাদিসের দরসদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়। দীর্ঘদিন তিনি সেখানে হাদিসের খেদমত করেন।
১৯৮৭ সালের ১৩ মার্চ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠার উদ্যোগে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীকালে সংগঠনটি ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে পরিচিতি লাভ করে। ইসলামী আদর্শভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর রাজনৈতিক পথচলা এ দেশের ইসলামী আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে।
কওমি মাদরাসা শিক্ষার সরকারি স্বীকৃতি আদায়ের আন্দোলনে ছিল তাঁর স্মরণীয় অবদান। শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.-এর নেতৃত্বে কওমি শিক্ষার স্বীকৃতির দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল, পীর সাহেব চরমোনাই রহ. তাতে সক্রিয়ভাবে শরিক হন। ২০০৫ সালে পল্টন ময়দানে কওমি মাদরাসা জাতীয় ছাত্র কনভেনশন এবং পরবর্তীতে মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচিতে তিনি শায়খুল হাদীস রহ.-এর পাশে দাঁড়িয়েছিলেন। দ্বীনি শিক্ষার মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার সেই সংগ্রামে তাঁর অংশগ্রহণ ছিল আন্তরিকতা ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
আল্লাহ তাআলা হযরত পীর সাহেব চরমোনাই রহ.-কে ক্ষমা করুন, তাঁর দ্বীনি খেদমতগুলো কবুল করুন, কবরকে নূরে ভরিয়ে দিন এবং জান্নাতুল ফেরদাউসে উচ্চ মর্যাদা দান করুন। আমিন।
২৫ নভেম্বর'২০০৬ তিনি তার পার্থিব জীবনের সফর শেষে মহান রবের প্রিয় সান্নিধ্যে চলে যান। 
رحمه الله رحمة واسعة ونور الله قبره بنور الجنة وجعل الجنة مثواه’