সিলেট, ডেঙ্গু,
সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১২০০ ছুঁইছুঁই, নতুন শনাক্ত ৭। নয়া দিগন্ত
ads

সিলেটে থামছে না ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৭ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৬ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯ জন।

বুধবার (২৫ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।

নতুন শনাক্ত ও হাসপাতালভিত্তিক চিত্র

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৭ জনের মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন ও হবিগঞ্জ সদর হাসপাতালে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।

বর্তমানে হাসপাতালে ভর্তি ২৯ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৩ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২ জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।

জেলাভিত্তিক আক্রান্তের পরিসংখ্যান

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বিভাগে শনাক্ত ১,১৯৬ জনের মধ্যে হবিগঞ্জে ৪৭২ জন, সুনামগঞ্জে ২৭৭ জন, সিলেটে ৩১৬ জন এবং মৌলভীবাজারে ৯৭ জন রয়েছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরো ৩৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

ডেঙ্গুতে মৃত্যুর চিত্র ও আগের দিনের তথ্য

চলতি বছর সিলেট বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বশেষ গত ১ নভেম্বর সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা ৫৪ বছর বয়সী নুরুল আলম। এর আগে ২৫ অক্টোবর সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাসিন্দা ৪ বছর বয়সী ফারদিন আহমদ।

এর আগে গত ১৮ অক্টোবর সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নেপাল চন্দ্র দাস (৫২) মারা যান। এর আগে গত ১৬ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ছলিমা বেগম (৬০), ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কৃষ্ণ দাস (৪৫) এবং ২ আগস্ট সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আফিয়া খানম (৫৪) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

আগের ২৪ ঘণ্টায় সিলেটে ডেঙ্গুতে কারও মৃত্যু না হলেও ৫ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিলেন।