
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আলাউদ্দিন নাসিম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ দলটির শীর্ষ নেতাদের আগরতলায় অবস্থানের খবরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে বিএনপি। নেতাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর সীমান্তজুড়ে রাজনৈতিক তৎপরতা ও নজরদারি জোরদার করেছেন দলটির নেতাকর্মীরা।
আগরতলা অবতরণ ও সীমান্তে তৎপরতা
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে অবতরণ করে। প্রতিনিধি দলে আলাউদ্দিন নাসিম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরও সাত-আটজন নেতা রয়েছেন।
প্রতিনিধি দলটির আগরতলা স্থলবন্দর পরিদর্শন এবং সীমান্তপথে বাংলাদেশে প্রবেশের সম্ভাবনার খবর ছড়িয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা ও রাজনৈতিক তৎপরতা বেড়ে যায়।
তিন উপজেলায় প্রস্তুতির নির্দেশ
উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সীমান্তের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে জেলার তিন সীমান্তবর্তী উপজেলা—কসবা, আখাউড়া ও বিজয়নগরের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মো: সিরাজুল ইসলাম। বিশেষ করে সীমান্তসংলগ্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সীমান্ত পরিদর্শন ও বিজিবির সাথে সমন্বয়
বুধবার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সীমান্তবর্তী এলাকাগুলো সরেজমিন পরিদর্শন করেন। এ সময় স্থানীয় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। পরিদর্শনকালে তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সীমান্ত পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সিরাজুল ইসলাম বলেন, দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস নয়। নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক ও সুশৃঙ্খল থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









