রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নয়া দিগন্ত
ads

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ও আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার)। শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ১২ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৭ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

এবার ১২ শতাধিক আসনের বিপরীতে সর্বোচ্চ ১৮ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

রুয়েটের নির্ধারিত ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট (www.admission.ruet.ac.bd) থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শেষে একই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

শিক্ষার্থীদের সুবিধার্থে এবার রাজশাহীর রুয়েট ক্যাম্পাসের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। উভয় কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে একই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রুয়েটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষা স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো: কামরুজ্জামান।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি পরীক্ষার আবেদন, প্রবেশপত্র সংগ্রহ, আসনবিন্যাস (সিটপ্ল্যান), ফল প্রকাশের তারিখসহ ভর্তি-সংক্রান্ত যাবতীয় তথ্য নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে। ‘ক’ ও ‘খ’— উভয় গ্রুপের পরীক্ষার্থীদের উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে মোট ৮০টি প্রশ্নের বিপরীতে ৪০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে।

এছাড়া ‘খ’ গ্রুপের পরীক্ষার্থীদের অতিরিক্ত ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন (ফ্রিহ্যান্ড ড্রয়িং) ও দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি (ভিজ্যুয়াল স্পেশাল ইন্টেলিজেন্স) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।