
৭ নভেম্বরের চেতনায় ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমিক সৈনিক ও মুক্তিকামী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে চূড়ান্ত বিজয় অর্জন করেছিল, আজকের দিনে সেই চেতনায় পুনরায় বলীয়ান হতে হবে।
শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তৎকালীন সেনাসদস্য ও দেশপ্রেমিক জনগণের প্রতি শ্রদ্ধা জানান।
বিবৃতিতে রাশেদ প্রধান বলেন, ৩ নভেম্বর তৎকালীন সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দী করে আওয়ামী লীগ ও ভারতের মদদে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ যে প্রতিবিপ্লব ঘটিয়েছিলেন, ৭ নভেম্বর বাংলার দামাল ছেলেরা তা রুখে দিয়েছিল। কিন্তু পরবর্তী ইতিহাস অত্যন্ত বেদনাদায়ক। ক্ষমতা কুক্ষিগত করে রাখতে শেখ হাসিনার পতিত আওয়ামী লীগ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভারতের কাছে বিকিয়ে দিয়েছিল।
দেশবাসীর প্রতি সতর্কবার্তা দিয়ে জাগপা মুখপাত্র বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান নতুন করে স্বপ্ন দেখার সুযোগ তৈরি করেছে। তবে বহুমুখী ষড়যন্ত্র এখনো চলমান। আধিপত্যবাদী অপশক্তি ও তাদের দোসররা নতুন রূপে দেশের ওপর প্রভাব বিস্তারের চক্রান্ত করছে।
তিনি বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক শিক্ষা ধারণ করে সবাইকে প্রস্তুত থাকতে হবে। দেশের লাল-সবুজ পতাকা ও সার্বভৌমত্বের ওপর আবারো কোনো আঘাত এলে ৭ নভেম্বরের মতো আপামর জনতাকে সাথে নিয়ে সব ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








