
রয়টার্স
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরবর্তী দীর্ঘমেয়াদি বাজেট নিয়ে সদস্য দেশগুলোর শীর্ষ নেতাদের মধ্যে তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে। এর জেরে ব্রাসেলসে আয়োজিত বিশেষ বাজেট শীর্ষ সম্মেলন নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এ সিদ্ধান্তের কথা জানান।
ইইউর ২০২৮-২০৩৪ মেয়াদের দীর্ঘমেয়াদি আর্থিক কাঠামোর (এমএফএফ) বাজেট নিয়ে কয়েক দফা আলোচনার পর ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ফ্রিডরিখ মের্ৎস। তিনি বলেন, বাজেটের রূপরেখা কেমন হওয়া উচিত, সে বিষয়ে আমাদের মধ্যকার ধারণার দূরত্ব এখনো অনেক বেশি- তা আমাদের স্বীকার করতেই হবে।
তিনি আরো বলেন, আমরা সবাই জানি, এই বড় ধরনের মতপার্থক্য দূর করতে সময় ও প্রচুর সদিচ্ছার প্রয়োজন হবে। আলোচনার সময় নেতারা একমত হন যে শুক্রবার সকালে আনুষ্ঠানিক আলোচনা পুনরায় শুরু করা হবে না। এর পরিবর্তে মধ্যরাতেই একটি চূড়ান্ত পর্বের মধ্য দিয়ে সম্মেলন শেষ করা হয়। মের্ৎস উল্লেখ করেন, ইউরোপীয় কাউন্সিলকে এখন আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তবে চলতি বছরের শেষ নাগাদ একটি চুক্তিতে পৌঁছাতে সদস্যদেশগুলো কাজ চালিয়ে যাবে। তিনি বলেন, আমরা এখন ১৭ ডিসেম্বরের একটি অত্যন্ত নিবিড় ইইউ শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছি। তখন আমরা দেখতে পাবো সফল হতে পারি কি না। আমি নিশ্চিত করে বলতে পারছি না, তবে আশা ছাড়িনি যে আমরা এটি সম্পন্ন করতে পারব। দীর্ঘমেয়াদি বাজেটের মতপার্থক্য নিরসনে দুই দিনের বিশেষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ব্রাসেলসে জড়ো হয়েছিলেন নেতারা।
সম্মেলন শুরুর আগে মের্ৎস সাংবাদিকদের বলেন, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সর্বশেষ প্রস্তাবটি অতিরিক্ত বড় এবং তা গ্রহণযোগ্য মাত্রার বাইরে। তিনি বাজেট আরো বড় অঙ্কে কাটছাঁটের দাবি জানান। পাশাপাশি নতুন করে ঋণ নেয়ার সম্ভাবনা নাকচ করেন এবং ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার ও ইউক্রেনকে ধারাবাহিক সহায়তা নিশ্চিত করার মতো মৌলিক বিষয়গুলোকে বাজেটে প্রাধান্য দেয়ার ওপর জোর দেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









