
চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। হামলার পর ব্যাংকের নাইটগার্ড ও কর্মকর্তারা আগুন নেভাতে সক্ষম হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীদের একাধিক ফেসবুক আইডিতে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তে দেখা যায়।
এর আগে, শনিবার ভোরে গ্রামীণ ব্যাংকের মিরসরাই সদর শাখা কার্যালয়ে হামলা ও আগুনের ঘটনা ঘটে।
মিরসরাই সদর গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার অফিস শেষে তিনি ও কয়েকজন কর্মী বাড়ি চলে যান। শনিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনাটি জানতে পারেন।
আনোয়ার হোসেন জানান, ঘটনার সময় নাইটগার্ড রনজিৎ কুমার নাথ বাইরে পাহারায় ছিলেন। ভোরের আলো ফোটার আগে গাছগাছালির আড়াল থেকে কয়েকজন দুর্বৃত্ত গ্রামীণ ব্যাংকের শাখার সামনের অংশের সাইনবোর্ড, গেটের ভেতর ও দোতলার দিকে কয়েকটি পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে দেয়াল ও গেটে আগুন ধরে যায়। নাইটগার্ড সবাইকে ফোন করতে শুরু করলে, ওপরের তলায় থাকা প্রোগ্রাম ম্যানেজার জুনায়েদ হোসেনসহ অন্যরা ছুটে আসেন এবং সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে, মিরসরাই থানা থেকে পুলিশ এসে বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং ঘটনাস্থল ও আশপাশে টহল জোরদার করে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে তিনি ও তার দল দ্রুত ঘটনাস্থলে যান। কাউকে আটক করা সম্ভব হয়নি এবং পুলিশ পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। ব্যাংক কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









