
দ্য ডন ও পাকিস্তান অবজারভার
ত্রিপক্ষীয় মক্কা প্রতিরক্ষা জোটের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী অঙ্গ কৌশলগত, রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির (এসপিডিসি) তৃতীয় বৈঠক গতকাল শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে। দুই দিনের এই বৈঠকে সৌদি আরব ও ইয়েমেনের হাউছি যোদ্ধাদের মধ্যকার সঙ্ঘাত ও ইরান যুদ্ধসহ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
উচ্চপর্যায়ের এই বৈঠককে কেন্দ্র করে গতকাল ইসলামাবাদে সরকারি ছুটি ঘোষণা করে পাকিস্তান সরকার। পাশাপাশি বিশেষ চলাচল বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রাওয়ালপিন্ডিতেও স্থানীয় ছুটি ঘোষণা করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তান সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকে তিন দেশের রাজনৈতিক, প্রতিরক্ষা ও সামরিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পাবে। পাশাপাশি জোটের কার্যক্রম পরিচালনার জন্য সুনির্দিষ্ট পরিচালন পদ্ধতি (এসওপি) চূড়ান্ত করা এবং বাস্তবায়ন কাঠামো প্রতিষ্ঠা নিয়েও আলোচনা হবে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বৃহস্পতিবার জানান, বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীরা অংশ নেবেন। তিনি বলেন, ‘সৌদি আরবের দক্ষিণে চলমান অস্থিরতা অবশ্যই বৈঠকের আলোচ্যসূচির একটি বিষয় হবে।’ তিনি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
ইয়েমেনের আনসার আল্লাহ আন্দোলন বা হাউছিরা সৌদি আরবের বিভিন্ন শহর, তেল স্থাপনা ও নৌযান চলাচলের রুটে বারবার হামলা চালিয়েছে। জুলাইয়ে ইয়েমেনের গৃহযুদ্ধের লড়াই তীব্র হওয়ার পর থেকে এসব হামলার ঘটনা ঘটছে। খাজা আসিফ বলেন, ‘চুক্তি অনুযায়ী সৌদি আরবের ওপর যেকোনো হুমকি পাকিস্তান ও তুরস্কের জন্যও হুমকি। এ বিষয়ে চুক্তিতে একেবারেই স্পষ্ট করে বলা হয়েছে।’
গত ৭ আগস্ট তিন দেশ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী কোনো একটি সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে বাকি দুই দেশকে সামরিক সহায়তাসহ সম্ভাব্য সব উপায়ে আক্রান্ত দেশকে সহযোগিতা করতে হবে। তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও প্রতিরক্ষা বাহিনীর প্রধানদের নিয়ে গঠিত কৌশলগত, রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটি (এসপিডিসি) জোটের প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা।
জোটের কার্যক্রম সমন্বয়ের জন্য সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছে। পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নওমান মাহমুদকে তিন বছরের জন্য এর প্রথম মহাসচিব নিয়োগ দেয়া হয়েছে। সদস্য দেশগুলোর কর্মকর্তাদের নিয়ে একটি কার্যকরী কমিটিও কাজ করছে।
তুরস্কের চুক্তি অনুমোদনের মধ্য দিয়ে তিন সদস্য দেশেরই এতে অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে জোটের প্রাতিষ্ঠানিক ও কার্যক্রম পরিচালনার কাঠামো এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন খাজা আসিফ। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের ঘন ঘন বৈঠক করতে হবে, যাতে যেসব বিষয় তৈরি করা হচ্ছে, সেগুলো সঠিকভাবে এগিয়ে নেয়া যায়। আগামী কয়েক মাসের মধ্যে সবকিছু প্রস্তুত করতে হবে, যেন এরপর আমরা সামনের দিকে এগোতে পারি।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









