আবাহনী ও মোহামেডানের হার
আবাহনীকে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখে পুলিশ। গতকাল গোলের পর এভাবেই ক্যামেরাবন্দী বিজয়ী দলের ৪ ফুটবলার : বাফুফে।
ads

  •  পুলিশ ৩-২ ঢাকা আবাহনী
  •  রহমতগঞ্জ ২-১ মোহামেডান
  •  বসুন্ধরা কিংস ২-১ ফর্টিস
  •  ওয়ান্ডারার্স ২-২ আরামবাগ



বাংলাদেশ ফুটবল লিগে হারের তেতো স্বাদটা আগেই পেয়েছিল ঢাকা আবাহনী। বাকি ছিল ঢাকা মোহামেডান। গতকাল এক মাস পর শুরু হওয়া লিগে চির প্রতিদ্বন্দ্বী মোহামেডানকে সঙ্গী করেই ফের পরাজয়ের লজ্জা পেতে হলো আকাশি নীল শিবিরকে। আবাহনীকে ৩-২ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে বাংলাদেশ পুলিশ। ৬ খেলা শেষে ১৬ পয়েন্ট তাদের। অন্য দিকে মোহামেডানকে লিগে প্রথম হারের লজ্জা দিয়ে রহমতগঞ্জ পয়েন্ট তালিকায় ৭ থেকে ৫ এ চলে এসেছে । তাদের জয়  ২-১ গোলে। মোহামেডানের হারে সুবিধাই হয়েছে বসুন্ধরা কিংসের। তারা ২-১ গোলে ফর্টিসকে হারিয়ে চলে এসেছে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে চলে এসেছে বসুন্ধরা কিংস। বসুন্ধরার পয়েন্ট ১৩। তিনে নেমে যাওয়া মোহামেডানের পয়েন্ট ১২। ফর্টিস ৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে। আবাহনী ভাণ্ডারে জমা আছে ৭ পয়েন্ট। নেমে গেছে সাতে। রহমতগঞ্জের পয়েন্ট ৯।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে পুলিশ ও আবাহনী গোলের দেখা পায়নি। বিরতির পর ৪৭ মিনিটে রাসুল বায়ের গোলে এগিয়ে যায় বাংলাদেশ পুলিশ। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন স্যাম। দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় আবাহনী। তবে ৮৬ মিনিটে ইমতিয়াজের গোলে ব্যবধান কমে ২-১ হয়। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে শফিকের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় পুলিশ। তবে খেলা শেষ হওয়ার ঠিক আগে পেনাল্টি থেকে আবাহনীর মাইকেল গোল করলে ব্যবধান কমে ৩-২ হয়। শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে পারেনি আবাহনী। ফলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ পুলিশ এফসি। 
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দুই গোল করে পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নিয়েছে রহমতগঞ্জ। ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। মাঝমাঠ থেকে ডি-বক্স লক্ষ্য করে মোজাফফর মোজাফফরভের বাড়ানো লং বল দারুণভাবে নিয়ন্ত্রণে নেন শাহরিয়ার ইমন। এরপর গোলকিপারকে একা পেয়ে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান তিনি। দুই মিনিট পরই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল রহমতগঞ্জ। তবে ইব্রাহিমা সেনের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ২৩ মিনিটে মোহামেডানের মোজাফফরভের শটও লক্ষ্যভ্রষ্ট হয়।
৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ নষ্ট করে মোহামেডান। বক্সের ভেতর জটলার মধ্যে ডান প্রান্তে বল পেয়ে ফাঁকা পোস্ট পেয়েছিলেন ফয়সাল ফাহিম। কিন্তু লক্ষ্যভ্রষ্ট শটে সুযোগটি কাজে লাগাতে পারেননি তিনি। দ্বিতীয়ার্ধে অবশ্য পাল্টে যায় ম্যাচের চিত্র। বিরতির পরপরই সমতায় ফেরে রহমতগঞ্জ। প্রিন্স ওউসুর বাড়ানো বল পেয়ে শট নেন ইব্রাহিমা সেনে। তাকে ঠেকাতে এগিয়ে এসেছিলেন মোহামেডানের গোলকিপার আনিসুর রহমান জিকো। তবে তার নাগালের বাইরে দিয়ে পোস্টে লেগে বল জড়িয়ে যায় জালে। ৬১ মিনিটে এগিয়ে যায় রহমতগঞ্জ। ফ্রিকিক থেকে কুশল দেউবার বাড়ানো বল ইব্রাহিমা সেনের ব্যাকহেডে চলে যায় ফাঁকায় থাকা প্রিন্স ওউসুর কাছে। তার জোরালো শট ঠেকাতে পারেননি জিকো। তাতেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় রহমতগঞ্জ।
এরপর সমতায় ফেরার চেষ্টা চালায় মোহামেডান। ৬৬ মিনিটে সুলেমান দিয়াবাতের হেড দারুণভাবে রুখে দেন রহমতগঞ্জের গোলকিপার মামুন আলিফ। অন্য দিকে ৮১ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল রহমতগঞ্জ। প্রিন্স ওউসুর শট পোস্টে লেগে ফিরে আসায় আর গোল পাওয়া হয়নি তাদের। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রহমতগঞ্জ।
কিংস এরিনা একই সাথে বসুন্ধরা কিংস ও ফর্টিসের হোম ভেনু। কাল এই মাঠে ব্রাজিলিয়ান রবসন রবিনহোর জোড়া গোলে বর্তমান চ্যাম্পিয়নদের এই জয়। ১৮ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন রবসন। ৫৩ মিনিটে স্কোর দ্বিগুণ করেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ফর্টিস অবশ্য ৭২ মিনিটে মিঠু চৌধুরীর গোলে ব্যবধান কমায়।
চাঁদপুর স্টেডিয়ামে দুই দফা লিড নিয়েও জিততে পারেনি আরামবাগ ক্রীড়া সংঘ। ১৩ মিনিটে স্যামুয়েল ওসিয়ের গোল করার পর ২৩ মিনিটে ওয়ান্ডারার্সের রেদোয়ান হাসান সুমন সমতা আনেন। ৩০ মিনিটে ফের গোল করেন স্যামুয়েল। সেই লিডও তারা ধরে রাখতে পারেনি। ৬৫ মিনিটে যুবরাজ ধাকাল হার এড়ানো গোল করেন ওয়ান্ডারার্সের পক্ষে।