জাতীয় ও ইসির সংলাপে একসাথে যাবে ১১ দল
ads

নিজস্ব প্রতিবেদক 

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে প্রস্তাবিত জাতীয় সংলাপে একসাথে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ১১ দলীয় ঐক্য। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) ডাকা রাজনৈতিক দলগুলোর সংলাপেও জোটবদ্ধভাবে যাওয়ার পরিকল্পনা করেছে তারা। গতকাল জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান জোটের সমন্বয়ক ড. এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি জানান, বৈঠকে মূলত দু’টি বিষয় গুরুত্ব পেয়েছে- একটি হলো জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ঘিরে সৃষ্ট সঙ্কট ও জাতীয় সংলাপ; অন্যটি নির্বাচন কমিশনের সংলাপ। 
জাতীয় সংলাপ ও সংস্কার প্রক্রিয়া 
হামিদুর রহমান আযাদের ভাষ্যানুযায়ী, গণভোটের রায় বাস্তবায়ন কোনো একক দলের নয়, বরং পুরো জাতির বিষয়। জুলাই সনদে অন্তর্ভুক্ত ৪৮টি সাংবিধানিক সংস্কারের পক্ষে গণভোটে প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছে। নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী, ১৮০ দিনের মধ্যে সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে এই সংস্কার সম্পন্ন হওয়ার কথা রয়েছে, যেখানে সংসদ সদস্যরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। তিনি স্পষ্ট করেন, আলোচনার আগেই জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে- এমন কোনো শর্ত ১১ দল দেয়নি; বরং এটির বাস্তবায়নই হবে সংলাপের মূল ভিত্তি। সরকারের সাথে আলোচনার আগে ১১ দলের শীর্ষ নেতারা বসে অ্যাজেন্ডা চূড়ান্ত করবেন। বিরোধীদলীয় নেতার দেশে ফেরার পর এবং সরকারের ইতিবাচক মনোভাবের কারণে সংলাপের আগ্রহ বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি। তবে সংলাপের স্থান, সময় ও পদ্ধতি এখনো চূড়ান্ত হয়নি। 
নির্বাচন কমিশনের সংলাপ প্রসঙ্গ 
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ২৯ নভেম্বর ১৯টি, ৩০ নভেম্বর ১৮টি এবং ১ ডিসেম্বর ১৮টি দলের সাথে সংলাপের সময়সূচি নির্ধারণ করে আমন্ত্রণ জানিয়েছে। হামিদুর রহমান আযাদ জানান, জোটের কোনো দল আলাদাভাবে নয়, বরং ১১ দল একসাথে ইসির সংলাপে অংশ নেবে। এ জন্য তাদের আলাদা একটি সময় বরাদ্দ দিতে ইসির সিনিয়র সচিবকে মৌখিকভাবে জানানো হয়েছে এবং আনুষ্ঠানিক আবেদনও করা হবে। এনসিপি আলাদাভাবে অংশ নেবে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, লিয়াজোঁ কমিটির সিদ্ধান্তই তারা জানিয়েছেন; কোনো দলের নিজস্ব কোনো সিদ্ধান্ত থাকলে তা সংশ্লিষ্ট দলই জানাবে। 
সরকারের ভূমিকা ও প্রত্যাশা 
সঙ্কট সমাধানে সরকারের আন্তরিকতা ও দায়িত্বশীলতার ওপর জোর দিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, পুরনো বক্তব্য দিয়ে বর্তমান সঙ্কট কাটবে না। জুলাইবিপ্লবের আকাক্সক্ষা পূরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বৈঠক ও সংবাদ সম্মেলনে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।